শরীরে টেস্টোস্টেরন অতিরিক্ত কমে গেলে রয়েছে ক্যানসার ঝুঁকি, যা বলছেন বিশেজ্ঞরা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পুরুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ সেক্স হরমোন হলো টেস্টোস্টেরন, যা সংক্ষেপে ‘লো টি’ (Low T) নামেও বেশ পরিচিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই হরমোনের মাত্রা কমে যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও, সাম্প্রতিক একটি গবেষণা বলছে—শরীরে এর মাত্রা অতিরিক্ত কমে যাওয়ার সঙ্গে ক্যানসারের একটি মারাত্মক সংযোগ থাকতে পারে।
সম্প্রতি আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান বিষয়ক জার্নাল ‘ল্যানসেট হেলদি লংজিভিটি’-তে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ২৬ হাজারেরও বেশি পুরুষের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য তথ্যের ওপর ভিত্তি করে এই গবেষণাটি পরিচালনা করা হয়।
গবেষণার প্রধান গবেষক ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির হরমোন বিশেষজ্ঞ বু ইয়েপ জানান, যাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকের তুলনায় সবচেয়ে কম ছিল- বয়স ও অন্যান্য স্বাস্থ্যগত বিষয় বিবেচনা করার পরও তাদের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বেশি দেখা গেছে।
কোন হরমোনের ঘাটতিতে কতটুকু ঝুঁকি?
গবেষণায় শুধু টেস্টোস্টেরনই নয়, এর সঙ্গে জড়িত আরও কয়েকটি হরমোনের মাত্রা বিশ্লেষণ করা হয়েছে:
টেস্টোস্টেরন: যাদের শরীরে এই হরমোনের মাত্রা সবচেয়ে কম ছিল, তাদের যেকোনো ধরনের ক্যানসারে মারা যাওয়ার ঝুঁকি ১৮ শতাংশ বেশি পাওয়া গেছে।
ডাইহাইড্রোটেস্টোস্টেরন (ডিএইচটি): টেস্টোস্টেরন থেকে তৈরি হওয়া এই হরমোনের মাত্রা কম থাকলে ক্যানসারে মৃত্যুর ঝুঁকি বাড়ে ২১ শতাংশ।
এসএইচবিজি: রক্তে টেস্টোস্টেরন বহনকারী এই প্রোটিন বা হরমোনের স্বল্পতা প্রস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয় ২৮ শতাংশ।
লুটিনাইজিং হরমোন: ব্রেনের পিটুইটারি গ্রন্থি থেকে তৈরি হওয়া এই হরমোনের মাত্রা কম থাকলে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়ে প্রায় ৪৫ শতাংশ।
তবে গবেষকরা আশ্বস্ত করে বলেছেন, টেস্টোস্টেরন হরমোনের মাত্রার সঙ্গে প্রস্টেট ক্যানসারের সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি। অর্থাৎ, শরীরে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া টেস্টোস্টেরন প্রস্টেট ক্যানসারের কারণ—এমন কোনো প্রমাণ মেলেনি।
গবেষণায় দেখা গেছে, যখন একজন পুরুষের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা ৮.৬ ন্যানোমোল/লিটার-এর নিচে নেমে যায়, তখন থেকেই ক্যানসারে মৃত্যুর ঝুঁকি বাড়তে শুরু করে।
বর্তমানে ইন্টারনেটে বা বিভিন্ন প্রচারণায় ‘লো টি’ বা টেস্টোস্টেরন ঘাটতিকে পুরুষদের যেকোনো শারীরিক সমস্যার মূল কারণ হিসেবে দাঁড় করানো হয়। অনেকেই এর প্রতিকারে ‘টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি’ বা হরমোন থেরাপির দিকে ঝুঁকে পড়েন।
কিন্তু চিকিৎসকদের পরিষ্কার কথা হলো—কম টেস্টোস্টেরন মানেই যে এই হরমোন থেরাপি নিলে ক্যানসারের ঝুঁকি কমে যাবে, তেমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
২০২৩ সালের ৫ হাজারের বেশি পুরুষের ওপর চালানো একটি বড় গবেষণায় দেখা গেছে, টেস্টোস্টেরন থেরাপি নিলেও প্রস্টেট ক্যানসারের ঝুঁকিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না।
বিশেষজ্ঞদের পরামর্শ
গবেষকদের মতে, টেস্টোস্টেরন কমে যাওয়াটা সরাসরি ক্যানসারের কারণ নয়; বরং এটি শরীরের সামগ্রিক স্বাস্থ্য অবনতির একটি বড় ‘সংকেত’ বা বায়োমার্কার হতে পারে। এর মাধ্যমে আগে থেকেই বোঝা সম্ভব যে ভবিষ্যতে ওই ব্যক্তির বড় কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কিনা।
তাই চিকিৎসকদের পরামর্শ, কোনো কারণে যদি রক্ত পরীক্ষায় টেস্টোস্টেরনের মাত্রা কম পাওয়া যায়, তবে ঘাবড়ে না গিয়ে দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং পুরো শরীরের একটি পূর্ণাঙ্গ চেকআপ করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

