ব্রেন টিউমার মানেই কি ক্যানসার, যে ৫ বিষয় জানা জরুরি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
‘ব্রেন টিউমার’ নামটা শুনলেই আমাদের চোখে মৃত্যুর ভয় ভেসে ওঠে। কিন্তু ভারতীয় নিউরোসার্জন ডা. নিশান্ত ইয়াগনিক জানালেন, বেশির ভাগ ব্রেন টিউমারই ক্যানসার নয়, বরং বিনাইন বা নিরাময়যোগ্য। জানুন ব্রেন টিউমার সম্পর্কিত ৫টি বড় ভুল ধারণা এবং তার আসল সত্য।
সিনিয়র কনসালট্যান্ট নিউরোসার্জেন ডা. নিশান্ত ইয়াগনিক এই বিষয়ে রোগীদের আশ্বস্ত করে এক ‘গোল্ডেন রুল’ মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, যখন আমরা কোনো রোগীকে বলি যে তার ব্রেন টিউমার হয়েছে, তাদের প্রথম প্রতিক্রিয়াই হয় চরম শক এবং মৃত্যুর ভয়। তাই আমি রোগীকে টিউমারের কথা বলার আগেই সব সময় বলি—মস্তিষ্কের সব টিউমার কিন্তু ক্যানসার নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, ব্রেন টিউমার নিয়ে সমাজে প্রচলিত এমনই ৫টি বড় ভুল ধারণা এবং তার পেছনের বৈজ্ঞানিক সত্য বিশদ আলোচনা করা হলো।
১. সব ব্রেন টিউমারই ক্যানসার
চিকিৎসা পরিভাষায়, টিউমার হলো শরীরের কোনো অংশের কোষের এক ধরনের অস্বাভাবিক বৃদ্ধি। সব ক্যানসারেই টিউমার তৈরি হতে পারে, কিন্তু সব টিউমারই ক্যানসার নয়। মস্তিষ্কের বেশির ভাগ প্রাথমিক টিউমারই হয় ‘বিনাইন’ বা নন-ক্যানসারাস। ক্যানসারাস বা ম্যালিগন্যান্ট টিউমারের মতো এই বিনাইন টিউমারগুলো শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে পড়ে না এবং এগুলো অত্যন্ত ধীর গতিতে বাড়ে।
২. ব্রেন টিউমার হলেই মারাত্মক লক্ষণ দেখা যাবে
অনেক সময় ব্রেনে টিউমার থাকা সত্ত্বেও বছরের পর বছর মানুষ কোনো লক্ষণ ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। ডা. ইয়াগনিক জানান, মস্তিষ্কের সবচেয়ে সাধারণ প্রাথমিক টিউমারটির নাম ‘মেনিনজিওমা’, যা সাধারণত ক্যানসার নয়। অনেক সময় রোগীর স্ট্রোক, মাথায় আঘাত বা অন্য কোনো স্নায়বিক সমস্যার পরীক্ষা (যেমন সিটি স্ক্যান বা এমআরআই) করতে গিয়ে এই টিউমারগুলো আচমকা ধরা পড়ে। টিউমারটি আকারে বড় হয়ে যখন ব্রেনের চারপাশের অংশে চাপ দেয়, কেবল তখনই লক্ষণ প্রকাশ পায়।
৩. টিউমারের আকার যত বড়, বিপদ তত বেশি
ব্রেন টিউমারের ক্ষেত্রে আকারের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল তার অবস্থান। আমাদের মস্তিষ্ক অত্যন্ত জটিল এবং এর এক একটি অংশ মানুষের কথা বলা, হাঁটাচলা, স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি ও শ্বাস-প্রশ্বাসের মতো অতি জরুরি কাজ নিয়ন্ত্রণ করে। ডা. ইয়াগনিকের মতে, মস্তিষ্কের কিছু সাধারণ অংশে ৬ সেন্টিমিটার বড় টিউমার থাকলেও রোগীর তেমন কোনো সমস্যা হয় না। অথচ মস্তিষ্কের একদম গভীরে থাকা মাত্র ১ সেন্টিমিটারের একটি ছোট টিউমারও মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে।
৪. ব্রেন টিউমারের অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ
আধুনিক চিকিৎসা প্রযুক্তি, উন্নত ইমেজিং এবং নিউরোসার্জারির অভাবনীয় অগ্রগতির ফলে এখন ব্রেন টিউমারের অপারেশন অত্যন্ত নিরাপদ ও সফল। নন-ক্যানসারাস বা বিনাইন টিউমারগুলো যদি মস্তিষ্কের সহজলভ্য বা ওপরের অংশে থাকে, তবে তা শতভাগ অপসারণ করা সম্ভব। এমনকি মস্তিষ্কের গভীরে থাকা টিউমারগুলোর ক্ষেত্রেও এখন ৯০ শতাংশের বেশি সফলতার হার দেখা যায়।
বর্তমানে অস্ত্রোপচারকে নিখুঁত করতে চিকিৎসকেরা বেশ কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন, যেমন: ইন্ট্রাওপারেটিভ নিউরোনাভিগেশন; ফাংশনাল ব্রেন ম্যাপিং; মাইক্রোসার্জারি এবং এন্ডোস্কোপিক সার্জারি;
অ্যাওয়েক ব্রেন সার্জারি—যেখানে অপারেশনের সময় রোগীকে জাগিয়ে রেখে কথা বলা হয়, যাতে ব্রেনের সচল অংশ ক্ষতিগ্রস্ত না হয়।
৫. পুরো টিউমার বাদ দেওয়াই একমাত্র উপায়
অনেক সময় টিউমারটি মস্তিষ্কের এমন কিছু সংবেদনশীল অংশে বা রক্তনালীর সঙ্গে লেগে থাকে, যেখান থেকে পুরোটা কেটে বাদ দিলে রোগীর বড় ক্ষতি হতে পারে। সেই পরিস্থিতিতে চিকিৎসকেরা টিউমারটি আংশিক বা কিছুটা কেটে বাদ দেন। এরপর বাকি অংশটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করা হয় ‘গামা নাইফ রেডিওসার্জারি’। এটি এক ধরনের অত্যন্ত নিখুঁত রেডিয়েশন থেরাপি, যা চারপাশের সুস্থ কোষের ক্ষতি না করে সরাসরি অবশিষ্টাংশের ওপর কাজ করে এবং টিউমারের বৃদ্ধি আজীবনের জন্য থামিয়ে দেয়।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
এই লক্ষণগুলো দেখা দিলে অবহেলা না করে অবিলম্বে একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের পরামর্শ নেওয়া উচিত:
১. দীর্ঘস্থায়ী বা তীব্র মাথাব্যথা, যা সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই বাড়ছে।
২. হঠাৎ করে খিঁচুনি বা মৃগী রোগের মতো লক্ষণ দেখা দেওয়া।
৩. শরীরের কোনো একদিকের হাত বা পায়ে হঠাৎ দুর্বলতা বা অসাড়তা।
৪. দৃষ্টিশক্তি বা শ্রবণশক্তিতে হঠাৎ কোনো পরিবর্তন আসা।
৫. কথা বলতে বা স্পষ্ট উচ্চারণে সমস্যা হওয়া।
৬. স্মৃতিশক্তি কমে যাওয়া বা হঠাৎ আচরণ ও ব্যক্তিত্বে বদল আসা।
৭. হাঁটাহাঁটির সময় শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা।
সূত্র: দ্য ওয়াল


