টিভি দেখতে দেখতে খাবার খাচ্ছেন? অজান্তেই ক্ষতি করছেন পেটের
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ব্যস্ত জীবনে অনেকেরই খাবার খাওয়ার সময় টেলিভিশন দেখা, অফিসের ই-মেইলের উত্তর দেওয়া কিংবা মোবাইলে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করার অভ্যাস রয়েছে। কিন্তু একসঙ্গে একাধিক কাজে মনোযোগ দিতে গিয়ে খাবারের প্রতি মনোযোগ কমে যায়। ফলে তাড়াহুড়ো করে খাওয়া, খাবার ভালোভাবে না চিবানোসহ নানা অভ্যাস তৈরি হয়। এর প্রভাব পড়ে হজমপ্রক্রিয়ায়। দেখা দিতে পারে বদহজম, পেট ফাঁপা ও অস্বস্তি।
আয়ুর্বেদশাস্ত্র অনুযায়ী, সুস্থ থাকার জন্য শুধু কী খাচ্ছেন, তা-ই নয়; কীভাবে খাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। কিছু সাধারণ অভ্যাস পরিবর্তন করে হজমের সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব।
মনোযোগ দিয়ে খাবার খান
কাজ করতে করতে কিংবা টেলিভিশন ও মোবাইলের পর্দায় চোখ রেখে খাবার খেলে খাবারের প্রতি মনোযোগ কমে যায়। আয়ুর্বেদে শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশে বসে খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি লোকমা ভালোভাবে চিবিয়ে খেলে হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করে।
খাবারের তাপমাত্রার দিকে খেয়াল রাখুন
ফ্রিজ থেকে বের করা অতিরিক্ত ঠান্ডা খাবার কিংবা খুব গরম খাবার খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। হালকা গরম বা স্বাভাবিক তাপমাত্রার খাবার হজমের জন্য উপযোগী।
খাদ্যতালিকায় রাখুন ছয় স্বাদ
আয়ুর্বেদে মিষ্টি, টক, লবণাক্ত, ঝাল, তিতা ও কষা—এই ছয় ধরনের স্বাদের খাবার খাদ্যতালিকায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাজা ফল, ডাল, শাকসবজি ও সালাদ খেলে খাবারে বৈচিত্র্য আসে এবং বিভিন্ন পুষ্টি উপাদান পাওয়ার সুযোগ তৈরি হয়।
খাওয়ার সময় অতিরিক্ত পানি নয়
খাবার খাওয়ার ঠিক আগে বা পরে একসঙ্গে অনেকটা পানি পান না করার পরামর্শ দেওয়া হয়। খাবারের সময় তৃষ্ণা পেলে অল্প অল্প করে পানি পান করতে পারেন। তবে শরীরের পানির চাহিদা পূরণে পর্যাপ্ত পানি পান করা জরুরি।
ঘুমানোর আগে রাতের খাবার শেষ করুন
সন্ধ্যার পর শরীরের বিপাকীয় কার্যক্রম কিছুটা ধীর হয়ে আসে বলে মনে করা হয়। তাই রাতে ভারী খাবার খাওয়া এড়িয়ে চলা ভালো। ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে রাতের খাবার শেষ করার পরামর্শ দেওয়া হয়। এতে ঘুমানোর আগে খাবার হজমের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়।
খাওয়ার পরপরই ভারী ব্যায়াম নয়
খাবার খেয়েই সোফায় শুয়ে পড়া কিংবা ভারী ব্যায়াম করা উচিত নয়। বরং খাওয়ার পর ধীরে ধীরে প্রায় ১০০ কদম হাঁটার পরামর্শ দেওয়া হয়। এতে খাবার পরবর্তী অস্বস্তি ও পেট ফাঁপার সমস্যা কমাতে সহায়তা করতে পারে।
সব মিলিয়ে, সুস্থ হজমপ্রক্রিয়ার জন্য খাবারের প্রতি মনোযোগ দেওয়া, পরিমিত খাওয়া, ভালোভাবে চিবানো এবং নিয়মিত জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা জরুরি।
তথ্যসূত্র: নিউজ ১৮

-6ae7344d45096.jpg)