|
ফলো করুন |
|
|---|---|
শীতকালে অতিরিক্ত খাওয়াদাওয়ার কারণে পেটে সমস্য দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সবথেকে কার্যকরী উপাদান রান্নাঘরেই রয়েছে। অতি সাধারণ এই রান্নার মশলা পেট সুস্থ রাখার পাশাপাশি হজমশক্তিকেও বাড়িয়ে দেয়।
জিরা
হজমশক্তি ভালো করতে জিরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শীতকালে গ্যাস, অ্যাসিডিটি কিংবা পেটব্যথা হলে জিরা ভেজানো পানি খেতে পারেন।
আদা
শীতকাল আসলেই আদা চায়ের কদর বেড়ে যায়। তবে আদা রান্নাতেও ব্যবহার করা যেতে পারে। আদা কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়া আদা খেলে গ্যাস এবং বমি ভাব দূর হয়। পেটের অস্বস্তি কমাতে শুকনো আদার গুঁড়া গরম পানির সঙ্গে মিশিয়ে অথবা অল্প মধু দিয়েও খাওয়া যেতে পারে।
দারচিনি
স্বাদে এবং গন্ধে দারচিনি অতুলনীয়। তাই যে কোনও খাবারে এই মশলা যোগ করা হলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তবে রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি এটি হজমের জন্যও অত্যন্ত উপকারী। দারচিনির মধ্যে থাকা বেশ কিছু প্রাকৃতিক উপাদান পাকস্থলীর স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া এটি অন্ত্রে উপস্থিত ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এবং প্রদাহ হ্রাস করে। শীতে দারচিনির চা পান করাও পাকস্থলীর জন্য উপকারী।
গোলমরিচ
এটি এমন একটি মশলা যার মধ্যে উপস্থিত প্রাকৃতিক উপাদান হজমের প্রক্রিয়াকে বৃদ্ধি করতে সাহায্য করে। তাই শীতকালে বিভিন্ন ধরনের স্যুপের সঙ্গে গোলমরিচ খেলে গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে তাৎক্ষণিক স্বস্তি পাওয়া যায়।
মৌরি
শীতকালে গ্যাস, কোষ্ঠকাঠিন্য দূর করতে মৌরি ম্যাজিকের মতো কাজ করে। খাওয়ার পর অনেকেই মৌরি খেয়ে থাকেন। এটি এমন একটি মশলা যা খেলে শুধু মুখের রুচি ফেরে না, সেই সঙ্গে হজমেও সাহায্য করে। তাই মৌরি খেলে পেটও হালকা লাগে।
জোয়ান
অতিরিক্ত খাওয়ার পরে পেট ফাঁপা, অস্বস্তি কিংবা গ্যাস, অম্বলের সমস্যা হয়ে থাকে। দ্রুত এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে জোয়ান খুবই উপকারী। এটি খেলে দ্রুত আরাম পাওয়া যায়। এর মধ্যে থাকা ‘থাইমল’ নামক উপাদান বদহজম, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সাহায্য করে।
