Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

প্রয়োজন নেই তাও কেন আমরা কিছু কিনে ফেলি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

প্রয়োজন নেই তাও কেন আমরা কিছু কিনে ফেলি

ছবি: সংগৃহীত

Advertisement

সংবাদপত্রে বিজ্ঞাপন দেখে কোনো পণ্য অর্ডার করা কিংবা বড় ছাড়ের প্রলোভনে পোশাক কিনে ফেলার মতো ঘটনা আমাদের জীবনে প্রায়ই ঘটে। মানুষের কেনাকাটার অভ্যাসের সঙ্গে আবেগ, সামাজিক প্রভাব এবং তাৎক্ষণিক আনন্দ পাওয়ার আকাঙ্ক্ষা গভীরভাবে জড়িত। এসব কারণ বুঝতে পারলে অপ্রয়োজনীয় খরচ কমানো এবং আর্থিক সিদ্ধান্তে আরও সচেতন হওয়া সম্ভব।

আবেগের বশে কেনাকাটা ও তাৎক্ষণিক আনন্দ

অপ্রয়োজনীয় পণ্য কেনার অন্যতম প্রধান কারণ হলো আবেগতাড়িত কেনাকাটা বা ইমোশনাল স্পেন্ডিং। অনেকের কাছে কেনাকাটা মানসিক চাপ কমানো, মন ভালো করা কিংবা একঘেয়েমি কাটানোর একটি উপায়। উদ্বেগ, একাকীত্ব বা মন খারাপের সময় নতুন কিছু কেনার মাধ্যমে সাময়িক স্বস্তি খোঁজেন অনেকে।

এর পেছনে রয়েছে মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থা বা ‘রিওয়ার্ড সিস্টেম’। পছন্দের কোনো পণ্য কেনার সময় মস্তিষ্কে আনন্দের অনুভূতি তৈরি হয়। ফলে কেনাকাটার মুহূর্তটি বেশ উপভোগ্য মনে হতে পারে। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয় না। অনেক ক্ষেত্রে কেনা পণ্যটি এক-দুবার ব্যবহারের পরই অব্যবহৃত পড়ে থাকে। বারবার মানসিক অস্বস্তি দূর করতে কেনাকাটার আশ্রয় নিলে তা ব্যক্তির সঞ্চয় কমিয়ে দিতে পারে এবং দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

ছাড় ও বিশেষ অফারের প্রলোভন

বিশেষ ছাড়, মূল্যহ্রাস কিংবা স্বল্প সময়ের প্রচারণা ক্রেতাদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলে। ‘একটি কিনলে আরেকটি ফ্রি’, ‘সীমিত সময়ের অফার’ কিংবা ‘৫০ শতাংশ ছাড়’—এ ধরনের বিজ্ঞাপন অনেক সময় প্রয়োজনের কথা না ভেবেই পণ্য কিনতে উৎসাহিত করে।

এ ক্ষেত্রে ক্রেতারা কত টাকা সাশ্রয় করছেন, সেটির ওপর বেশি গুরুত্ব দেন; কিন্তু আদতে কত টাকা ব্যয় করছেন, তা উপেক্ষা করেন। যেমন, ২ হাজার টাকার একটি পণ্য ১ হাজার টাকায় পাওয়া গেলে সেটিকে লাভজনক কেনাকাটা মনে হতে পারে। কিন্তু পণ্যটি যদি প্রয়োজনই না হয়, তাহলে সাশ্রয় নয়, বরং অপ্রয়োজনীয় ১ হাজার টাকা খরচ করাই হলো বাস্তবতা। অর্থাৎ, ছাড়ের আকর্ষণ অনেক সময় মানুষকে প্রয়োজনের বাইরে গিয়ে কেনাকাটায় প্রভাবিত করে।

সোশ্যাল মিডিয়া ও অন্যদের সঙ্গে তাল মেলানোর প্রবণতা

সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের কেনাকাটার অভ্যাসেও পরিবর্তন এনেছে। ইনফ্লুয়েন্সার, তারকা কিংবা পরিচিত ব্যক্তিদের পোশাক, গ্যাজেট, ভ্রমণ ও জীবনযাপনের ছবি দেখে অনেকের মধ্যেই একই ধরনের পণ্য ব্যবহারের আগ্রহ তৈরি হয়।

এ ধরনের প্রবণতার সঙ্গে যুক্ত রয়েছে ফোমো (FOMO), অর্থাৎ কোনো কিছু থেকে পিছিয়ে পড়ার ভয়। অনেকেই প্রয়োজনের কারণে নয়, বরং চলতি ট্রেন্ড অনুসরণ করতে, সামাজিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা ধরে রাখতে কিংবা নিজের অবস্থান তুলে ধরতে দামি পণ্য কেনেন।

অন্যের জীবনযাত্রার সঙ্গে নিজের জীবনকে তুলনা করার এই প্রবণতা একসময় অপ্রয়োজনীয় খরচ বাড়িয়ে দেয়। পাশাপাশি তৈরি হতে পারে বাড়তি আর্থিক চাপ।

ডিজিটাল পেমেন্টে খরচের অনুভূতি কমে যাওয়া

অনলাইন শপিং ও ডিজিটাল লেনদেন কেনাকাটাকে আগের তুলনায় অনেক সহজ করেছে। তবে এই সহজলভ্যতার একটি নেতিবাচক দিকও রয়েছে। ডিজিটাল মাধ্যমে টাকা খরচ করলে নগদ অর্থ ব্যয়ের মতো সরাসরি অর্থ হারানোর অনুভূতি অনেক সময় তৈরি হয় না।

নগদ টাকায় কেনাকাটার সময় মানিব্যাগ থেকে অর্থ বেরিয়ে যাওয়াটা চোখে পড়ে। কিন্তু ইউপিআই (UPI), ক্রেডিট কার্ড কিংবা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে কয়েকটি ক্লিকেই লেনদেন সম্পন্ন হয়ে যায়। ফলে খরচের বিষয়টি ততটা গুরুত্ব দিয়ে ভাবা হয় না।

এছাড়া সংরক্ষিত পেমেন্ট তথ্য, ওয়ান-ক্লিক কেনাকাটা এবং ‘এখন কিনুন, পরে পরিশোধ করুন’ (Buy Now, Pay Later) সুবিধা কেনাকাটাকে আরও সহজ করে তুলেছে। তবে এসব ব্যবস্থার যথাযথ ব্যবহার না হলে তা হঠকারী খরচের প্রবণতা বাড়াতে পারে।

বিজ্ঞাপন ও ব্যক্তিগত পছন্দভিত্তিক বিপণন

বর্তমান সময়ে বিজ্ঞাপনের উদ্দেশ্য শুধু পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরা নয়; অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে নতুন করে প্রয়োজনের অনুভূতি তৈরি করাও এর লক্ষ্য। আকর্ষণীয় প্যাকেজিং, তারকাদের প্রচারণা, ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পণ্যের পরামর্শ এবং নির্দিষ্ট ক্রেতাদের লক্ষ্য করে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ব্র্যান্ডগুলো বিক্রি বাড়ানোর চেষ্টা করে।

অনলাইন প্ল্যাটফর্মগুলোও ব্যবহারকারীর সার্চের ইতিহাস ও আগের কেনাকাটার তথ্য বিশ্লেষণ করে তাদের পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পণ্যের বিজ্ঞাপন দেখায়। ফলে কোনো পণ্য কেনার কথা আগে কখনো না ভাবলেও বারবার সেটির বিজ্ঞাপন দেখতে দেখতে আগ্রহ তৈরি হতে পারে।

এ ধরনের বিপণন কৌশল সম্পর্কে সচেতন থাকা জরুরি। কারণ কোনো পণ্য ভালো লাগা আর সেটি সত্যিই প্রয়োজন হওয়া এক বিষয় নয়। প্রয়োজন (Needs) ও চাহিদা (Wants)—এই দুইয়ের পার্থক্য বুঝতে পারলেই অপ্রয়োজনীয় কেনাকাটা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রয়োজন নেই তাও কেন আমরা কিছু কিনে ফেলি

প্রয়োজন নেই তাও কেন আমরা কিছু কিনে ফেলি

৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

২১ বছরের ডায়াবেটিস জীবনের অদৃশ্য লড়াইয়ের গল্প শোনালেন নিক

২১ বছরের ডায়াবেটিস জীবনের অদৃশ্য লড়াইয়ের গল্প শোনালেন নিক

শীতের আগেই ঠোঁট ফেটে রক্ত পড়ছে? প্রতিকারে মানবেন যেসব উপায়

শীতের আগেই ঠোঁট ফেটে রক্ত পড়ছে? প্রতিকারে মানবেন যেসব উপায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম