Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

আপনিও হতে পারেন নিশানা, প্রেমের আড়ালে গোয়েন্দারা যেভাবে পাতে ‘হানি ট্র্যাপ’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

আপনিও হতে পারেন নিশানা, প্রেমের আড়ালে গোয়েন্দারা যেভাবে পাতে ‘হানি ট্র্যাপ’

প্রতীকী ছবি: এআই

Advertisement

‘হানি ট্র্যাপ’ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে জেমস বন্ড সিনেমার কোনো দৃশ্য—রহস্যময়ী কোনো সুন্দরী নারী তার রূপের মায়াজালে বন্দি করছেন অসতর্ক কোনো ব্যক্তিকে, ভালোবাসার অভিনয় করে হাতিয়ে নিচ্ছেন গুরুত্বপূর্ণ সব গোপন তথ্য।

তবে এই কৌশল কেবল গোয়েন্দা থ্রিলার গল্পেই সীমাবদ্ধ নয়; এর ইতিহাস বেশ পুরোনো এবং বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থাগুলো এখনো এটি হরহামেশাই ব্যবহার করে। আর এই ফাঁদে পা দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য এর পরিণতি হতে পারে ভয়াবহ।

বিশ্বের বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং হয়তো সবচেয়ে কঠিন উপায়ে এই সত্যটি উপলব্ধি করেছেন। এক নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর সৃষ্ট সপ্তাহব্যাপী অস্থিরতার জেরে বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেছেন। মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস, ওই নারী চীন সরকারের কাছে তথ্য পাচার করতেন।

অ্যালিস হুয়াং (জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার কোনো পারিবারিক সম্পর্ক নেই) কীভাবে বা কখন চীনা গোয়েন্দাদের খাতায় নাম লিখিয়েছিলেন কিংবা আদৌ কোনো তথ্য ফাঁস হয়েছে কিনা, সেসব বিস্তারিত এখনো অস্পষ্ট। বেইজিং অবশ্য তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘ভিত্তিহীন অনুমান’ বলে উড়িয়ে দিয়েছে। তবে এই ঘটনার প্রভাব কেবল এনভিডিয়া বা জেনসেন হুয়াংয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই; এআই প্রযুক্তিতে আধিপত্য বিস্তারের লড়াইয়ে থাকা দুই প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ব্যবসায়িক গোয়েন্দা সংস্থা স্ট্র্যাটেজি রিস্কসের প্রতিষ্ঠাতা আইজ্যাক স্টোন ফিশ বলেন, ‘বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এমন একজনের সঙ্গে সম্পর্কে জড়ালেন, যার বিরুদ্ধে কমিউনিস্ট পার্টির এজেন্ট হওয়ার অভিযোগ রয়েছে—তার এই বিবেচনাবোধের অভাব সত্যিই বিস্ময়কর। হয়তো তিনি ওই নারীকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেননি। কিন্তু এমন একটি সম্পর্কের অস্তিত্ব থাকাটাই নিজেই একটি বড় সমস্যা।’

সাংহাইয়ের একটি রেস্তোরাঁয় অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সদ্য পদত্যাগ করা এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস হুয়াং একজন চীনা গুপ্তচর হিসেবে কাজ করছিলেন এবং তিনি উন্নত এআই চিপ দেশটিতে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসতে সহায়তা করেছিলেন। ছবি: সংগৃহীত

অতীতে বহু প্রভাবশালী ব্যক্তি এমন ‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদে পা দিয়েছেন। স্টোন ফিশের মতে, গুপ্তচরবৃত্তির জগতে এটি ‘সবচেয়ে পুরোনো কৌশলগুলোর একটি’ এবং বিশেষ করে চীনা ও রুশ এজেন্টদের মধ্যে এর ব্যবহার ‘অবিশ্বাস্য রকমের সাধারণ’।

যেভাবে পাতা হয় মধুর ফাঁদ

এশিয়া ও ইউরোপে দায়িত্ব পালন করা সিআইএর সাবেক গোয়েন্দা কর্মকর্তা জন সাইফার বলেন, প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থাই এমন ব্যক্তিদের নিশানা করে, যাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্যের নাগাল রয়েছে। বর্তমানে তিনি মাইকেল ভি হেইডেন সেন্টার ফর ইন্টেলিজেন্স, পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির জ্যেষ্ঠ ফেলো।

তার মতে, কর্তৃত্ববাদী সরকারগুলো যৌনতা ও প্রেমের মতো ঝুঁকিপূর্ণ অভিযানে এজেন্টদের নামাতে তুলনামূলক বেশি সুবিধাজনক অবস্থানে থাকে। সাইফার বলেন, ‘চীনা, রুশ বা এ ধরনের দেশের সংস্থাগুলো চর নিয়োগের ক্ষেত্রে অনেক বেশি চাপ ও মনস্তাত্ত্বিক কৌশল খাটাতে পারে। তারা সরাসরি বলতে পারে, আমাদের সঙ্গে কাজ না করলে তোমাকে দেশে ফিরতে দেব না, কিংবা পরিবারের মুখ আর দেখতে পাবে না।’

মধুর ফাঁদ পাতার নানা কৌশল রয়েছে। একটি পদ্ধতি হলো—নিশানা করা ব্যক্তিকে কোনো আপত্তিকর অবস্থায় ফেলে ব্ল্যাকমেইল বা হুমকি দেওয়া। ওয়াশিংটনভিত্তিক প্রতিরক্ষা নীতি গবেষণাপ্রতিষ্ঠান জেমসটাউন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পিটার ম্যাটিস বলেন, ধরা যাক কেউ পতিতালয়ে গেলেন বা কোনো যৌনকর্মীর সঙ্গে সময় কাটালেন; ঠিক তখনই গোয়েন্দা সংস্থা সেখানে হানা দিয়ে বলবে, ‘হয় আমরা তোমাকে গ্রেফতার করব, নতুবা তুমি আমাদের সাহায্য করবে।’

সাইফার জানান, আরেকটি পদ্ধতি—যা সিনেমা ও সংবাদমাধ্যমে বেশি দেখা যায়, কিন্তু বাস্তবে তুলনামূলক কম ঘটে—তা হলো কোনো প্রশিক্ষিত বিদেশি এজেন্ট শুরু থেকেই প্রলুব্ধ করা ও তথ্য হাতানোর উদ্দেশ্য নিয়ে সরাসরি লক্ষ্যবস্তুর কাছে ঘেঁষেন। এর একটি বড় উদাহরণ ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক নারী এজেন্ট। ‘সিন্ডি’ নামের এক মার্কিন পর্যটকের ছদ্মবেশে তিনি দখলদার ইসরাইলের অঘোষিত পারমাণবিক কর্মসূচির গোপন তথ্য ব্রিটিশ সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়া সাবেক পরমাণু প্রযুক্তিবিদ মর্দেখাই ভানুনুকে প্রেমের জালে ফাঁসিয়ে অপহরণ করেছিলেন।

ইসরাইলের সাবেক পরমাণু প্রযুক্তিবিদ মর্দেখাই ভানুনু ২০০৪ সালের ২১ এপ্রিল দক্ষিণ ইসরাইলের আশকেলনে শিকমা উচ্চ-নিরাপত্তা কারাগার থেকে বেরিয়ে আসার সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন। ছবি: গেটি ইমেজেস
তবে বাস্তবে সবচেয়ে বেশি যা ঘটে তা হলো—কোনো নারী বা পুরুষের সঙ্গে স্বাভাবিকভাবেই এমন কারও সম্পর্ক গড়ে ওঠে, যার ওপর গোয়েন্দা সংস্থার নজর রয়েছে। সংস্থাটি সেই সম্পর্কের কথা জানতে পেরে প্রলোভন দেখিয়ে বা চাপে ফেলে ওই ব্যক্তিকে চর হিসেবে নিয়োগ দেয়, যাতে তিনি তার সঙ্গীর কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।

গোপন প্রেমিক ও ভুয়া সন্তান

এই কৌশলগুলোর ইতিহাস বহু পুরোনো। স্নায়ুযুদ্ধের সময় পূর্ব জার্মানি সুদর্শন ও আকর্ষণীয় পুরুষদের প্রশিক্ষণ দিয়ে ‘রোমিও স্পাই’ বা প্রেমিক গুপ্তচর তৈরি করত।

সাইফার জানান, সে সময় রুশরা ‘সব সময়’ এটি করত। পশ্চিমা কূটনীতিক বা সাংবাদিকদের হোটেল কক্ষের দরজায় কড়া নাড়তে তারা নারী ও পুরুষ—উভয় এজেন্টই পাঠাত।

ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত চলা এমনই এক চাঞ্চল্যকর ঘটনায় বেইজিংয়ে নিযুক্ত ফরাসি কূটনীতিক বার্নার্ড বুরসিকোকে নিজের নারী পরিচয় বিশ্বাস করিয়ে গোপন প্রেমে জড়িয়েছিলেন চীনের পিকিং অপেরার এক পুরুষ গায়ক। শি পেই পু নামের ওই গায়ক প্রায় দুই দশক ধরে এই প্রতারণা চালিয়ে যান। এমনকি তিনি বুরসিকোর সন্তানের মা হয়েছেন বলেও দাবি করেন। নিউইয়র্ক টাইমসের পুরোনো নথি অনুযায়ী, বাস্তবে ওই শিশুটি ছিল চীনের উইঘুর সংখ্যালঘু সম্প্রদায়ের, যাকে তার দরিদ্র মায়ের কাছ থেকে কিনে আনা হয়েছিল।

একপর্যায়ে চীনের গোপন পুলিশ বুরসিকোকে জানায়, ফরাসি দূতাবাসের তথ্য সরবরাহ করলেই কেবল তিনি শির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। শির নিরাপত্তার কথা ভেবে বুরসিকো রাজি হন এবং বছরের পর বছর নথিপত্র পাচার করেন। পরে তিনি শি ও ওই শিশুটিকে ফ্রান্সে নিয়ে যেতে সক্ষম হন। সেখানে এই প্রেমিক যুগল গ্রেফতার ও কারাদণ্ডিত হন (পরে অবশ্য ক্ষমা পান)। আর তখনই শির আসল লিঙ্গ পরিচয় ফাঁস হয়ে যায়, যা বুরসিকোকে চরমভাবে ভেঙে দিয়েছিল।

আরেকটি আলোচিত ঘটনা ঘটে ২০০০-এর দশকের শুরুতে। চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক ক্যাটরিনা লিউংকে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির জন্য মোটা অঙ্কের অর্থ দিত এফবিআই। কিন্তু বাস্তবে তিনি ছিলেন একজন ‘ডাবল এজেন্ট’, যিনি বেইজিংয়ে গোপন তথ্য পাচার করতেন এবং একই সঙ্গে দীর্ঘদিনের তত্ত্বাবধায়কসহ এফবিআইয়ের দুই এজেন্টের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। ২০০৩ সালে তারা গ্রেফতার হন; দোষ স্বীকারের চুক্তির আওতায় ক্যাটরিনাকে মাত্র তিন মাস কারাভোগ করতে হয়েছিল।

১৯৮৬ সালের ৫ মে প্যারিসে বিচার শুরু হওয়ার সময় ফরাসি দূতাবাসের সাবেক কর্মী বার্নার্ড বুরসিকো (বাঁয়ে) এবং চীনা অপেরা শিল্পী শি পেই পু (ডান দিকে) বিচারকের সামনে দাঁড়িয়ে আছেন।  ছবি: এপি

সাইফার বলেন, চীনা গোয়েন্দারা ‘সবাইকে নিশানা করে—অস্ট্রেলীয়, ভিয়েতনামি, সিঙ্গাপুরীয়... কমিউনিস্ট পার্টি যেটিকেই নিজেদের স্বার্থসংশ্লিষ্ট মনে করে, সেটিই হাসিলের পথ খুঁজে বের করে তারা।’ স্টোন ফিশও একমত হয়ে বলেন, জাপানি, কোরীয় ও ইউরোপীয়দের ক্ষেত্রেও একই কৌশল খাটানো হচ্ছে। এমনকি করপোরেট গুপ্তচরবৃত্তিতে চীনা কোম্পানিগুলো নিজেদের দেশীয় প্রতিদ্বন্দ্বীদের ঘায়েল করতেও এই ‘হানিপট’ কৌশল ব্যবহার করে।

এদিকে চীন সরকার নিজ দেশের নাগরিকদেরও এমন ফাঁদ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ২০২৪ সালে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, তারা এমন কিছু ঘটনা শনাক্ত করেছে যেখানে ‘বিদেশি গুপ্তচররা অনলাইনে প্রেম ও ডেটিংকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করছে’। মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়, পরিচয় গোপন রেখে এবং কাকতালীয় সাক্ষাতের নাটক সাজিয়ে তারা চীনের ভেতরের মানুষদের প্রলুব্ধ করে রাষ্ট্রীয় গোপন তথ্য চুরি ও জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে।

এনভিডিয়া কাণ্ডে ঝুঁকির জায়গা কোথায়?

সাইফারের হিসাব অনুযায়ী, হানি ট্র্যাপ বা মধুর ফাঁদ মাত্র ১০ শতাংশ ক্ষেত্রে সফল হয়। কিন্তু তার ভাষায়, ‘গুপ্তচরবৃত্তির ব্যবসায় গুরুত্বপূর্ণ জায়গায় থাকা মাত্র দু-একজন মানুষকে হাত করতে পারলেই যথেষ্ট।’ এমনকি ১০০টি চেষ্টার মধ্যে একটিও যদি সফল হয় এবং নিশানা করা ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ গোপন তথ্য থাকে, তবে সেটিকেও বড় জয় হিসেবে দেখা হয়।

আর বর্তমান ভূ-রাজনৈতিক ও প্রযুক্তিগত প্রেক্ষাপটে চুরি করার মতো গোপন তথ্যের অভাব নেই। পিটার ম্যাটিস বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি মূল প্রযুক্তি হিসেবে চিহ্নিত হয়েছে, যা অন্য সবকিছুর জন্য অপরিহার্য। এটি উৎপাদন, বৈজ্ঞানিক আবিষ্কার, সামাজিক নিয়ন্ত্রণ এবং সামরিক লক্ষ্যবস্তু নির্ধারণে ভূমিকা রাখে। এই শিল্পের শীর্ষ পর্যায়ের যেকোনো ব্যক্তিই গোয়েন্দাদের নিশানা হতে পারেন।’

২০০৩ সালের ৮ জুলাই লস অ্যাঞ্জেলেস ফেডারেল কোর্টহাউসে শুনানির পর ক্যাট্রিনা লিউং (মাঝখানে) এবং তার স্বামী কাম লিউং (পেছনের দিকে) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন।  ছবি: এপি

স্টোন ফিশ মনে করেন, যুক্তরাষ্ট্র ও চীনের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক এই ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে। এনভিডিয়ার এই ঘটনা দুই দেশের পারস্পরিক অবিশ্বাস আরও গভীর করার হুমকি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের চোখে জেনসেন হুয়াংকে নিশানা করার এই অভিযোগ ‘গুপ্তচরবৃত্তির এক নির্লজ্জ উদাহরণ’; অন্যদিকে চীনের ভয় হলো, এআই জগতের শক্তিশালী খেলোয়াড় এনভিডিয়া হয়তো বেইজিংয়ের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে পারে।

তবে দিন শেষে স্টোন ফিশ ও ম্যাটিস দুজনই মনে করেন, আমরা সবাই রক্তমাংসের মানুষ। আমাদের প্রত্যেকেরই এমন সব সম্পর্ক থাকে—প্রেম, বন্ধুত্ব কিংবা পেশাগত—যেগুলোকে কাজে লাগানো সম্ভব। নিশানা হওয়া থেকে বাঁচার একমাত্র অব্যর্থ উপায় হলো সন্ন্যাসী হয়ে যাওয়া। তাই ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে ভালো উপায় হলো সতর্ক থাকা।

ম্যাটিসের ভাষায় বললে, ‘আপনি একজন নিশানা। বোকামি করবেন না। আর অবশ্যই প্রশ্ন করতে শিখুন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রাক্তনের সঙ্গে দেখা হলে যে ভুল করবেন না

প্রাক্তনের সঙ্গে দেখা হলে যে ভুল করবেন না

ক্যারিয়ারে মন দিতেই কি বিচ্ছেদ টানলেন ইব্রাহিম আলি খান?

ক্যারিয়ারে মন দিতেই কি বিচ্ছেদ টানলেন ইব্রাহিম আলি খান?

ছেলে ও তার বাবাকে নগ্ন করে রাস্তায় হাঁটাল মেয়ের পরিবার, নেপথ্যে কী?

ছেলে ও তার বাবাকে নগ্ন করে রাস্তায় হাঁটাল মেয়ের পরিবার, নেপথ্যে কী?

মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর...

মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর...

সোশ্যাল মিডিয়ায় দেখা অন্যের প্রেম কি আপনার সম্পর্কে ফাটল ধরাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় দেখা অন্যের প্রেম কি আপনার সম্পর্কে ফাটল ধরাচ্ছে?

প্রেমের কৌশল শিখতে এআইয়ের দ্বারস্থ হচ্ছেন ভারতীয়রা

প্রেমের কৌশল শিখতে এআইয়ের দ্বারস্থ হচ্ছেন ভারতীয়রা

আরও পড়ুন

নীরব ঘাতক পলিসিস্টিক কিডনি রোগ, যেসব লক্ষণে সতর্ক হবেন

নীরব ঘাতক পলিসিস্টিক কিডনি রোগ, যেসব লক্ষণে সতর্ক হবেন

আপনিও হতে পারেন নিশানা, প্রেমের আড়ালে গোয়েন্দারা যেভাবে পাতে ‘হানি ট্র্যাপ’

আপনিও হতে পারেন নিশানা, প্রেমের আড়ালে গোয়েন্দারা যেভাবে পাতে ‘হানি ট্র্যাপ’

সিঙারা-পুরির পোড়া তেলে স্বাস্থ্যঝুঁকি, সেই তেলেই মিলছে জ্বালানির সম্ভাবনা

সিঙারা-পুরির পোড়া তেলে স্বাস্থ্যঝুঁকি, সেই তেলেই মিলছে জ্বালানির সম্ভাবনা

বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? যা বলছেন বিশেষজ্ঞরা

বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? যা বলছেন বিশেষজ্ঞরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম