টাকা জমাতে পারছেন না? জেনে নিন এই ৫ সঞ্চয় কৌশল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মাস শেষে হাতে টাকা থাকে না, সঞ্চয়ও হয় না; এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। আয় বাড়লেও বাড়ে খরচ। আবার অনেকের আয় কম বলে সঞ্চয় করতে পারেন না। ফলে ভবিষ্যতের জন্য অর্থ জমিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। তবে সঞ্চয়ের জন্য সব সময় বড় অঙ্কের আয়ের প্রয়োজন হয় না। এজন্য প্রয়োজন সঞ্চয় করার মানসিকতা, সঠিক পরিকল্পনা এবং খরচের ওপর নিয়ন্ত্রণ। বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় কিছু সঞ্চয় কৌশল অনুসরণ করে আপনিও গড়ে তুলতে পারেন আর্থিক নিরাপত্তা।
কাকেবো: জাপানের শত বছরের পুরোনো সঞ্চয় কৌশল
টাকা কোথায় খরচ হচ্ছে, তার হিসাব রাখার জাপানি পদ্ধতি হলো কাকেবো জাপানি সাংবাদিক হানি মোতোকে ১৯০৪ সালে এই পদ্ধতিকে জনপ্রিয় করে তোলেন বলে জানা যায়। জাপানি ভাষায় কাকেবো অর্থ গৃহস্থালির হিসাবের খাতা। এই পদ্ধতির মূল কথা হলো, প্রতিটি খরচ লিখে রাখা এবং সচেতনভাবে অর্থ ব্যয় করা। মাসের শুরুতে মোট আয় ও প্রয়োজনীয় খরচের হিসাব করতে হবে। এরপর ঠিক করতে হবে, মাস শেষে কত টাকা সঞ্চয় করবেন।
কাকেবো পদ্ধতিতে খরচকে সাধারণত চারটি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে আছে প্রয়োজনীয় খরচ, ঐচ্ছিক খরচ, সংস্কৃতি ও বিনোদন এবং অপ্রত্যাশিত খরচ। প্রতিদিন কোথায় কত টাকা খরচ হলো, তা খাতায় লিখে রাখতে হবে। মাস শেষে হিসাব মিলিয়ে দেখতে হবে, কোন খাতে বেশি খরচ হয়েছে এবং কোথায় ব্যয় কমানো সম্ভব।
জাপানিরা যেভাবে অপচয় কমিয়ে সঞ্চয় করেজাপানিরা যেভাবে অপচয় কমিয়ে সঞ্চয় করে।
এই পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো কিছু কেনার আগে নিজেকে কয়েকটি প্রশ্ন করা—এটা কি সত্যিই প্রয়োজন? এখনই কিনতে হবে কিংবা কেনার পর আর্থিক অবস্থায় কোনো চাপ তৈরি হবে কি?
এভাবে নিয়মিত হিসাব রাখলে অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করা এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা সহজ হয়।
৫০-৩০-২০ বাজেটিং নিয়ম
ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার আরেকটি কার্যকরি পদ্ধতি ৫০-৩০-২০ নিয়ম। মার্কিন রাজনীতিবিদ ও আইন অধ্যাপক এলিজাবেথ ওয়ারেন এবং তার মেয়ে অ্যামেলিয়া ওয়ারেন টায়াগি ২০০৫ সালে প্রকাশিত ‘অল ইওর ওয়ার্থ: দ্য আল্টিমেট লাইফটাইম মানি প্ল্যান’ বইয়ে ধারণাটি তুলে ধরেন।
এই নিয়মে মাসিক আয়কে তিন ভাগে ভাগ করা হয়। আয়ের ৫০ শতাংশ প্রয়োজনীয় খরচের জন্য, ৩০ শতাংশ ব্যক্তিগত ইচ্ছা বা শখ পূরণের জন্য এবং বাকি ২০ শতাংশ সঞ্চয় ও ভবিষ্যতের আর্থিক লক্ষ্য পূরণের জন্য রাখা হয়।
ধরুন, আপনার মাসিক আয় ৫০ হাজার টাকা। তাহলে ২৫ হাজার টাকা প্রয়োজনীয় খরচে, ১৫ হাজার টাকা ব্যক্তিগত চাহিদা পূরণে এবং ১০ হাজার টাকা সঞ্চয়ের জন্য রাখতে পারেন। এই পদ্ধতিতে আয় ও খরচের মধ্যে ভারসাম্য রাখা সহজ হয়। তবে আয় কম হলে নিজের সামর্থ্য অনুযায়ী অনুপাত পরিবর্তন করেও এই নিয়ম অনুসরণ করা যায়।
পে ইউরসেলফ ফার্স্ট: আগে নিজেকে টাকা দিন
বেতন হাতে পাওয়ার পর মনে হয়, এবার কিছু টাকা জমাবেন। কিন্তু বাসাভাড়া, বাজার, বিলসহ নানা খরচ মেটাতে গিয়ে মাস শেষে আর টাকা অবশিষ্ট থাকে না। এই সমস্যা এড়ানোর কার্যকর উপায় হতে পারে, ‘পে ইউরসেলফ ফার্স্ট’ বা আগে নিজেকে টাকা দেওয়া।
সঞ্চয়পত্র ও এফডিআর: কোনটিতে লাভ কেমন, ঝুঁকি কতটাস্ট্রিম গ্রাফিক
এই পদ্ধতির নিয়ম খুব সহজ। বেতন বা আয় হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট একটি অংশ সঞ্চয়ের জন্য আলাদা করে রাখতে হবে। এরপর বাকি টাকা দিয়ে মাসের খরচ চালাতে হবে। অর্থাৎ এতদিনের নিয়ম ‘আয় করলাম, খরচ করলাম, শেষে যা থাকল জমালাম’ বদলে করতে হবে ঠিক উল্টোটা ‘আয় করলাম, আগে জমালাম, তারপর খরচ করলাম’।
ধরুন মাসে আপনার আয় ৩০ হাজার টাকা। আপনি যদি ১০ শতাংশ সঞ্চয়ের সিদ্ধান্ত নেন, তাহলে বেতন পাওয়ার সঙ্গে সঙ্গেই ৩ হাজার টাকা আলাদা করে রাখবেন। বাকি ২৭ হাজার টাকা দিয়ে পুরো মাসের খরচের পরিকল্পনা সাজাতে হবে। চাইলে টাকাগুলো ডিপিএস বা এফডিআর-এর মতো স্বয়ংক্রিয়া সঞ্চয় পদ্ধতির মধ্যে নিয়ে যেতে পারেন। এতে করে নিয়মিত টাকা জমা দেওয়ার প্রবণতা নষ্ট হবে না।
৩৬৫ দিনের সেভিংস চ্যালেঞ্জ
সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মজার উপায় হলো ৩৬৫ দিনের সেভিংস চ্যালেঞ্জ। নিয়ম খুবই সহজ। প্রথম দিন জমাতে হবে ১ টাকা, দ্বিতীয় দিন ২ টাকা, তৃতীয় দিন ৩ টাকা। এভাবে প্রতিদিন আগের দিনের চেয়ে ১ টাকা বেশি জমাতে হবে। অর্থাৎ ৩০তম দিনে জমবে ৩০ টাকা, ১০০তম দিনে ১০০ টাকা এবং বছর শেষে অর্থাৎ ৩৬৫তম দিনে রাখতে হবে ৩৬৫ টাকা।
প্রথম দিকে টাকার পরিমাণ কম থাকলেও দিন যত বাড়বে, সঞ্চয়ের পরিমাণও বাড়তে থাকবে। এভাবে ৩৬৫ দিন শেষে মোট জমবে ৬৬ হাজার ৭৯৫ টাকা।
অপচয় কমিয়ে সঞ্চয় করার প্রাচীন শিক্ষাপ্রাচীন যুগেও ছিল সঞ্চয়ের ধারণা।
এই চ্যালেঞ্জের সুবিধা হলো, খুব অল্প টাকা দিয়ে সঞ্চয় শুরু করা যায়। শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী—যে কেউ সামর্থ্য অনুযায়ী এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। তবে শেষের দিকে প্রতিদিনের জমার পরিমাণ বেশি হয়ে যায়। তাই প্রয়োজন হলে দিন অনুযায়ী টাকা জমিয়ে রাখার পরিবর্তে সাপ্তাহিকভাবেও হিসাব মেলানো যেতে পারে।
সিংকিং ফান্ড: আগাম খরচের জন্য প্রস্তুতি
ভবিষ্যতে যেসব বড় খরচ আসবে, সেগুলোর জন্য আগে থেকে আলাদা করে টাকা জমিয়ে রাখার পদ্ধতিকে বলা হয় সিংকিং ফান্ড। একসঙ্গে বড় অঙ্কের টাকা জোগাড় না করে কয়েক মাস ধরে অল্প অল্প করে জমালে আর্থিক চাপ কমে।
ধরুন, ঈদের কেনাকাটায় আপনার ২৪ হাজার টাকা প্রয়োজন। ঈদের ছয় মাস আগে থেকে সঞ্চয় শুরু করলে প্রতি মাসে ৪ হাজার টাকা করে জমালেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। একইভাবে সন্তানের স্কুলের ভর্তি ফি, বাড়ি মেরামত, শীতের পোশাক কেনা কিংবা পারিবারিক ভ্রমণের জন্য আলাদা তহবিল তৈরি করতে পারেন।
তবে মনে রাখবেন, সিংকিং ফান্ড ও জরুরি তহবিল এক নয়। জরুরি তহবিল রাখা হয় হঠাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য। আর সিংকিং ফান্ড রাখা হয় আগে থেকেই জানা বা অনুমান করা যায় এমন ভবিষ্যৎ খরচের জন্য।
