খাবার ভালোভাবে না চিবিয়ে খেলে শরীরে যেসব সমস্যা হতে পারে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ব্যস্ত জীবনে অনেকেই খাবার খাওয়ার সময় তাড়াহুড়ো করেন। কেউ টেলিভিশন দেখতে দেখতে, আবার কেউ মোবাইল ফোনে ব্যস্ত থেকে দ্রুত খাবার শেষ করেন। মুখে খাবার দেওয়ার পর অল্প কয়েকবার চিবিয়েই গিলে ফেলেন। কিন্তু নিয়মিত এমন অভ্যাসের কারণে হজমের সমস্যা ও শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে।
পুষ্টিবিদদের মতে, হজমের প্রক্রিয়া শুরু হয় মুখ থেকেই। তাই খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ।
খাবার চিবিয়ে খাওয়ার গুরুত্ব
ভারতের কিউএ নিউট্রিশন-সিগনেচার নিউট্রিশন ক্লিনিকের পরিচালক ও পুষ্টিবিদ সুহাসিনী বিশ্বনাথনের মতে, খাবার মুখে নেওয়ার আগেই শরীর হজমের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। খাবারের গন্ধ, রং ও স্বাদ মস্তিষ্কে সংকেত পাঠায়। এর প্রতিক্রিয়ায় পাকস্থলী, অগ্ন্যাশয় ও অন্ত্রে হজমের জন্য প্রয়োজনীয় অ্যাসিড ও এনজাইম নিঃসরণ শুরু হয়।
খাবার মুখে প্রবেশের পর দাঁত সেটিকে ছোট ছোট অংশে বিভক্ত করে। পাশাপাশি লালার সঙ্গে থাকা হজমকারী এনজাইম খাবারের সঙ্গে মিশে হজমের প্রাথমিক কাজ শুরু করে। ফলে খাবার শুধু গিলে ফেললেই চলবে না, সঠিকভাবে চিবিয়ে খাওয়ার অভ্যাসও গড়ে তুলতে হবে।
ভালোভাবে না চিবিয়ে খেলে যেসব সমস্যা হতে পারে
খাবার ঠিকমতো না চিবিয়ে দ্রুত গিলে ফেললে হজমপ্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। এর প্রভাবে শরীরে কয়েক ধরনের অস্বস্তি দেখা দিতে পারে।
অ্যাসিডিটি ও বুকজ্বালা: দ্রুত খাবার খাওয়ার অভ্যাস কারও কারও ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্স বা বুকজ্বালার সমস্যা বাড়াতে পারে। বিশেষ করে খাবার খাওয়ার পর পেটের ওপরের অংশে অস্বস্তি অনুভূত হতে পারে।
পেটে গ্যাস ও ফাঁপা ভাব: তাড়াহুড়ো করে খাওয়ার সময় অনেকেই স্বাভাবিকের চেয়ে বেশি বাতাস গিলে ফেলেন। এতে পেটে গ্যাস জমা, পেট ফেঁপে থাকা এবং অস্বস্তি তৈরি হতে পারে।
হজমে অসুবিধা: খাবার ভালোভাবে চিবানো না হলে তা ছোট ছোট অংশে ভাঙার প্রাথমিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ফলে হজমের ক্ষেত্রে অস্বস্তি দেখা দিতে পারে।
অন্ত্রের উপকারী জীবাণুর বৈচিত্র্যে প্রভাব: পুষ্টিবিদদের মতে, দীর্ঘদিন ধরে খাবার ভালোভাবে না চিবিয়ে খাওয়ার অভ্যাসের সঙ্গে আঁশসমৃদ্ধ খাবার কম গ্রহণের প্রবণতাও যুক্ত থাকতে পারে। এতে অন্ত্রে উপকারী জীবাণুর বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
কতবার চিবিয়ে খাবার খাওয়া উচিত?
প্রতিবার খাবার ঠিক কতবার চিবাতে হবে, তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই বলে জানিয়েছেন পুষ্টিবিদ সুহাসিনী বিশ্বনাথন। খাবারের ধরন ও গঠন অনুযায়ী ধীরে ধীরে চিবিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। খাবার যথেষ্ট নরম ও সহজে গেলার উপযোগী হলে তবেই গেলা উচিত।
পাশাপাশি প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফল, ডালসহ বিভিন্ন আঁশসমৃদ্ধ খাবার রাখা প্রয়োজন। এসব খাবার অন্ত্রের উপকারী জীবাণুর বৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে। অন্ত্রের সুস্থতার সঙ্গে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ, রোগ প্রতিরোধক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যেরও সম্পর্ক রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস

