খালেদা জিয়াকে নিয়ে সম্পাদিত গ্রন্থের মোড়ক উন্মোচন
Advertisement
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সম্পাদিত ‘খালেদা জিয়া এক মৃত্যুঞ্জয়ী মহীয়সী’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বইটির মোড়ক উন্মোচন করেন।
‘অন্তর কথা, সংস্কৃতি চর্চা ও বিকাশ কেন্দ্র’- আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংগ্রাম ও খালেদা জিয়ার নাম একাকার। যেখানেই সংগ্রাম, সেখানেই খালেদা জিয়ার নাম যুক্ত। এত বড় গণতান্ত্রিক সংগ্রামের নেত্রী পৃথিবীতে দ্বিতীয়টি পাওয়া যাবে না। এ কারণেই তিনি প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে বেঁচে থাকবেন।
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হওয়ার পর মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়েও খালেদা জিয়া বলেছেন, ‘হিংসা নয়, বিদ্বেষ নয়, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও।’ এমন নেত্রী ও দেশপ্রেমী মানুষ বিরল। এ সময় তিনি বইটি দেশের বিভিন্ন পাবলিক লাইব্রেরিতে সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান লিটন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।
গ্রন্থটির সম্পাদক মো. আরিফুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া মানে অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে এক আপসহীন নেত্রীর নাম। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
