Logo
Logo
×
   

জাতীয়

নির্বাচনি ইশতেহার নিয়ে বাংলাদেশ স্টাডি ফোরামের নাগরিক সংলাপ অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম

নির্বাচনি ইশতেহার নিয়ে বাংলাদেশ স্টাডি ফোরামের নাগরিক সংলাপ অনুষ্ঠিত

ছবি: যুগান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে বাংলাদেশ স্টাডি ফোরামের আয়োজনে ‘নির্বাচনি ইশতেহার’ শীর্ষক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় আয়োজিত এ সংলাপে বিভিন্ন খাতের বিশিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা বিশেষজ্ঞ ড. তৌফিক জোয়ার্দার জনস্বাস্থ্য খাতে তার গবেষণা ও অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে চিকিৎসক ও নার্সের অনুপাত অত্যন্ত অসম, যেখানে নার্সের ঘাটতি স্বাস্থ্যব্যবস্থার একটি বড় দুর্বলতা হিসেবে কাজ করছে। স্বাস্থ্যকে নাগরিকের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হলে পর্যাপ্তসংখ্যক দক্ষ ও প্রশিক্ষিত নার্স তৈরিতে আগামী সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি মাতৃ-পুষ্টিহীনতার ভয়াবহ প্রভাব তুলে ধরে তিনি বলেন, গর্ভাবস্থায় অপুষ্টির কারণে শিশুর মস্তিষ্কের প্রায় ২৮ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে, যা পরবর্তীতে আর পূরণযোগ্য নয়। একটি পুষ্টিসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে রাষ্ট্রীয়ভাবে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর তিনি জোর দেন।

উন্নয়ন অর্থনীতিবিদ ড. শিব্বির আহমদ এবং জাতীয় নাগরিক পার্টির ইশতেহার প্রণয়ন বিষয়ক উপ-কমিটির সম্পাদক আকিব ইশতিয়াক তাদের বক্তব্যে আগামী দিনের অর্থনৈতিক রূপরেখা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বাস্তবভিত্তিক ইশতেহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার তার আলোচনায় গণহত্যার বিচার প্রক্রিয়া এবং ভবিষ্যৎ রাজনৈতিক পুনর্মিলন (রিকনসিলিয়েশন) কীভাবে হওয়া উচিত, সে বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ স্টাডি ফোরামের উপদেষ্টা মোহাম্মদ আলাউদ্দিন।  তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনি ইশতেহার পর্যালোচনা করে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ স্টাডি ফোরাম মনে করে, এ ধরনের নাগরিক সংলাপ গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করবে এবং নির্বাচনি ইশতেহারকে আরও জনমুখী ও বাস্তবভিত্তিক করতে সহায়ক ভূমিকা রাখবে।

সংলাপে উপস্থিত দর্শকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন। আলোচকবৃন্দ সেসব প্রশ্নের উত্তর প্রদান করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম