Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

‘রড বোঝাই ট্রাকে কীভাবে মানুষ গেল, ট্রাফিক পুলিশের চোখে পড়েনি কেন?’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ মে ২০২৬, ১২:২৯ এএম

‘রড বোঝাই ট্রাকে কীভাবে মানুষ গেল, ট্রাফিক পুলিশের চোখে পড়েনি কেন?’

ফাইল ছবি

Advertisement

টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষের মৃত্যুর প্রতিবাদে এবং নিহতদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কার্যকরী সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন রেজা, সাধারণ সম্পাদক অর্ণব সরকার, সহ সাধারণ সম্পাদক কল্লোল বনিক এবং নির্বাহী কমিটির সদস্য মোতালেব হোসেন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুল ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস।

সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বলেন, কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হলেও শ্রমজীবী মানুষের নিরাপদ যাতায়াতের কোনো বিশেষ ব্যবস্থা নেই। তিনি বলেন, দিনরাত পরিশ্রম করে আয় করা অর্থ বাঁচাতেই ওই শ্রমিকেরা রড বোঝাই ট্রাকে চড়ে বাড়ি যাচ্ছিলেন। সরকারের সুষ্ঠু ব্যবস্থা থাকলে জীবনের ঝুঁকি নিয়ে তাদের এভাবে বাড়ি ফিরতে হতো না। তিনি সড়ক দুর্ঘটনায় এই মৃত্যুগুলোকে 'কাঠামোগত হত্যাকাণ্ড' বলে অভিহিত করেন।

ডা. ফজলুর রহমান বলেন, গ্রামে সারা বছর কাজ না থাকায় বাধ্য হয়েই এই মানুষেরা শহরে আসেন। দুই হাজার টাকা বাসভাড়া তাদের পক্ষে বহন করা সম্ভব নয় বলেই তারা ট্রাকে উঠতে বাধ্য হন। নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়া এবং আহতদের সরকারিভাবে চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।

অ্যাড. আনোয়ার হোসেন রেজা বলেন, কৃষক ও ক্ষেতমজুরেরাই দেশের মানুষের খাদ্য নিশ্চিত করেন, সবচেয়ে বেশি কর দেন, অথচ সারা বছর কাজ ও খাদ্যের নিশ্চয়তা তাদের নেই। তিনি প্রশ্ন রাখেন, ‘তাদের কেন বাড়ি ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে অন্য জেলায় কাজ করতে হবে?’

আব্দুল কুদ্দুস প্রশ্ন তোলেন, ‘বাসের ছাদে যাত্রী বহন নিষিদ্ধ হলেও রড বোঝাই ট্রাকে এত মানুষ মহাসড়কে গেল, অথচ ট্রাফিক পুলিশের চোখে পড়ল না কেন?’

সমাবেশ থেকে নেতারা সড়কে মৃত্যুর মিছিল থামাতে কেবল বক্তৃতা নয়, বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম