সমাজকল্যাণমন্ত্রী
বাংলাদেশে যত ভালো কিছু আছে তার সঙ্গে জড়িত জিয়া পরিবার
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:৫৯ পিএম
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের এফিলিয়েটেড বডির মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন
|
ফলো করুন |
|
|---|---|
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে যত ভালো কিছু আছে, তার সাথে একটি নাম ও একটি পরিবার জড়িত- আর সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর জিয়া পরিবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে তিন বছর দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সাড়ে তিন বছর সময়ের মধ্যে বাংলাদেশে যত ভালো কাজ রয়েছে প্রত্যেকটির সাথে জড়িত যে নাম- সেটি হলো জিয়াউর রহমান।
তিনি আরও বলেন, নারীকে এগিয়ে নেওয়ার জন্য কাজ শুরু করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর সেটিকে টেনে নিয়ে গেছেন বেগম খালেদা জিয়া। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের স্নাতকোত্তর পর্যন্ত লেখাপড়ার সহযোগিতা করার কথা বলেছেন।
শুক্রবার (১২ জুন) দুপুরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের এফিলিয়েটেড বডির মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতি তিনটি জিনিষের ওপর দাঁড়িয়ে আছে। একটি হচ্ছে কৃষি ও কৃষক, আরেকটি হচ্ছে গার্মেন্টস অর্থাৎ তৈরি পোশাক রপ্তানি খাত এবং অপরটি হচ্ছে রেমিট্যান্স। এই তিনটিরই রূপকার ও জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একটি দেশকে এগিয়ে নিতে তিনি সুদূরপ্রসারি চিন্তাভাবনা করেছিলেন।
তিনি বলেন, পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসম্পূর্ণ কাজগুলো করেছেন দেশনেত্রী প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার পরিবার।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, শহীদ জিয়ার নামে এই প্রতিষ্ঠানে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। এটি যাতে এই অঞ্চলের মানুষের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারে।
জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দীন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ।
