Logo
Logo
×

Advertisement

জাতীয়

বগুড়ায় হবে ৪০০ একরের শিল্পপার্ক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৬:১৭ পিএম

বগুড়ায় হবে ৪০০ একরের শিল্পপার্ক

বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের এ জায়গাটিতে শিল্পপার্ক গড়ে তোলার কথা রয়েছে। শনিবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জায়গাটি ঘুরে দেখেন। ছবি: পিআইডি।

Advertisement

বগুড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রায় ৪০০ একর জমির ওপর নতুন শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। 

চলতি শীত মৌসুমেই প্রস্তাবিত শিল্পপার্কের প্রাথমিক উন্নয়নকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৮ আগস্ট) বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এর আগে মন্ত্রী বগুড়া সদর উপজেলার ফাপোড় ইউনিয়নে প্রস্তাবিত শিল্পপার্কের স্থান পরিদর্শন করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বগুড়া দেশের শিল্প ও অর্থনৈতিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ হাব হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে বগুড়া আগামী দিনে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।

এ সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সহায়ক পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। তিনি বলেন, বগুড়ার বিদ্যমান বিসিক শিল্পনগরী ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে।

অন্যদিকে নতুন শিল্প স্থাপনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত কাজ এগিয়ে নিয়ে চলতি শীত মৌসুমে এর প্রাথমিক কার্যক্রম শুরুর চেষ্টা করা হবে।

শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও অর্থায়নের ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, উচ্চ সুদে ঋণ নিয়ে শিল্প ও ব্যবসা পরিচালনা করা কঠিন। উৎপাদন খরচ কমিয়ে পণ্যকে প্রতিযোগিতামূলক করতে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি অর্থায়নের খরচও কমাতে হবে।

শিল্প উদ্যোক্তাদের জন্য জ্বালানি ও বিদ্যুতের সহজলভ্যতা নিশ্চিত করা, গ্যাস সংযোগ সহজ করা এবং কম খরচে অর্থায়নের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত শিল্পপার্কে শুধু অবকাঠামো নির্মাণ করেই দায়িত্ব শেষ হবে না। উদ্যোক্তাদের জন্য কারিগরি প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি তৈরি এবং শিল্প স্থাপনে প্রয়োজনীয় তথ্য ও কারিগরি সহায়তার ব্যবস্থা থাকবে। এতে নতুন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদে টেকসই করা সম্ভব হবে।

তিনি আরও জানান, শিল্পপার্কে প্রকল্প স্থাপনকারী উদ্যোক্তারা সরকারের ক্রেডিট হোলসেলিং স্কিমের আওতায় তুলনামূলক কম সুদে ঋণ পাওয়ার সুযোগ পাবেন। শিল্পায়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি ও উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মোহিত তালুকদার, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমএসএম আতিকুর রহমান বাদল। অনুষ্ঠানে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের পরিচয় তুলে ধরা হয় এবং তাদের দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা চেম্বারের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও ব্যবসায়ীবান্ধব করার ওপর গুরুত্ব দেন। নবনির্বাচিত পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, শিল্প-বাণিজ্যের উন্নয়ন এবং সেবার মান বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করে।

অনুষ্ঠানে বগুড়া চেম্বারের নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় মূক-বধির শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় মূক-বধির শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, না দেওয়ায় স্কুলছাত্র খুন

ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, না দেওয়ায় স্কুলছাত্র খুন

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

শেরপুরে ইউএনওর বাসভবনসহ বিভিন্ন স্থাপনা ঘিরে নিষিদ্ধ সংগঠনের স্লোগান

শেরপুরে ইউএনওর বাসভবনসহ বিভিন্ন স্থাপনা ঘিরে নিষিদ্ধ সংগঠনের স্লোগান

আরও পড়ুন

১২ লাখ কর্মী নেবে অস্ট্রেলিয়া, ভাগ্য খুলছে বাংলাদেশিদের

১২ লাখ কর্মী নেবে অস্ট্রেলিয়া, ভাগ্য খুলছে বাংলাদেশিদের

রাজধানীতে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ

রাজধানীতে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ

নিবন্ধন অধিদপ্তরের অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি ৮০০ টাকা করার প্রস্তাব

নিবন্ধন অধিদপ্তরের অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি ৮০০ টাকা করার প্রস্তাব

সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম