ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, না দেওয়ায় স্কুলছাত্র খুন
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম
মনিরুল ইসলাম গালিব
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ায় ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মনিরুল ইসলাম গালিব (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়।
নিহত গালিব বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মাহবুব হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। ওই সময় সে ধূমপান করছিল। স্থানীয় মিশু (২১) নামে এক যুবক মোবাইল ফোনে গালিবের ধূমপানের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ৫০০ টাকা দাবি করেন মিশু।
এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২১) বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মিশু ও রোহিত বাবু গালিবের বুক ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, এ ঘটনায় জড়িত মিশু, বাবু ও জিসান নামে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে গালিবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
