সারা দেশে সড়কে প্রাণ গেল ১৮ জনের
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। কক্সবাজারের চকরিয়া ও নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় চারজন করে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ও সকালে এসব দুর্ঘটনা ঘটে।
এছাড়া দুর্ঘটনায় নয় স্থানে আরও ১০ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে নওগাঁয় সেনা সদস্যসহ দুজন, বগুড়ায় বিএনপি নেতা, ফেনীতে পথচারী, টাঙ্গাইলে শিশু, গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেলচালক, কুমিল্লায় যুবক, ফরিদপুরে শিক্ষার্থী এবং গাজীপুরে নারী রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
কক্সবাজার ও চকরিয়া: চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী জিপ-বাস সংঘর্ষে নিহতরা হলেন-চকরিয়ার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে জসিম উদ্দিন, ফুলছড়ি সিয়ালপাড়া এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে শাহেদ, ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে জিয়াবুল হক ও পশ্চিম গজারিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে রফিক।
দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঈদগাঁও থেকে চকরিয়ার দিকে যাচ্ছিল জিটু (জিপ) গাড়িটি। নয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি জিপকে ধাক্কা দেয়। এতে গাড়িটির ছাদ ছিটকে পড়ে এবং পুরো গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
নেত্রকোনা: পূর্বধলায় পিকআপ-ট্রাক সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল পিকআপটি। বিপরীত দিক থেকে আসছিল ট্রাক। পূর্বধলার নারান্দিয়া এলাকায় যানবাহন দুটির সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বগুড়া : গাড়ির ধাক্কায় অটোরিকশা যাত্রী বিএনপি নেতা হেলাল উদ্দিন নিহত হয়েছেন। এ সময় হাসান আলী নামে এক ইউনিয়ন যুবদল সদস্য আহত হয়েছেন। বুধবার রাতে সদর উপজেলার গোকুল ইউনিয়নের মেড়পাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হেলাল উদ্দিন বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের মেড়পাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি গোকুল ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী সদস্য ছিলেন।
ফেনী : ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী জুয়েল দাসের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ছাগলনাইয়া থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জুয়েল নোয়াখালীর হাতিয়া উপজেলার দাসের হাট এলাকার চরকিং দাসপাড়া গ্রামের মতিলাল দাসের ছেলে।
মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু যোগমায়ার মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। যোগমায়া মধুপুর উপজেলার বোয়ালী গ্রামের অটোচালক শুভংকর চন্দ্রের মেয়ে। রোববার উত্তর বোয়ালী এলাকায় বাড়ির সামনের রাস্তায় সে দুর্ঘটনার কবলে পড়ে।
নওগাঁ ও মহাদেবপুর: পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী শ্যামল তিগ্গা নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্যামল তিগ্গা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগ্গার ছেলে।
এদিকে মহাদেবপুরে মোটরসাইকেল-সিএনজিচালিত অটোরিকশা সংর্ঘষে সেনা সদস্য আল যোবায়ের প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। বুধবার রাতে উপজেলার আখেড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যোবায়ের নওগাঁর সীমান্ত ঘেঁষা সাপাহার উপজেলায় উত্তরপাতাড়ি গ্রামের বাসিন্দা। ছুটিতে সেনা সদস্য যোবাযের সিএনজিতে নওগাঁ থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন।
টেকেরহাট (মাদারীপুর): গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক রেজাউল আলমের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেজাউল উপজেলার বড় বনগ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
গজারিয়া (মুন্সীগঞ্জ): গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক আশরাফুলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মানাবে রিসোর্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আশরাফুল কুষ্টিয়ার মিরপুর থানার ডাঙ্গাপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা অংশে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় যুবক মহিউদ্দিন রনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুসহ অন্তত ছয়জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। রনি দেবিদ্বার উপজেলার কুরছাপ গ্রামের আবুল কাশেমের ছেলে।
ফরিদপুর: সালথায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী জান্নাতী আক্তারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতী ওই গ্রামের ইলিয়াস মুন্সীর মেয়ে।
কালীগঞ্জ (গাজীপুর): কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাতনামা নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের কাপাসিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
