কলকাতায় হোটেল বন্ধ, রোগী নিয়ে বিপাকে বাংলাদেশিরা
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের মধ্য কলকাতার হোটেলগুলো বন্ধ থাকায় চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশি রোগী ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়েছেন। সম্প্রতি একটি হোটেলে প্রাণহানির ঘটনায় কড়াকড়ির পর নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটসহ পার্শ্ববর্তী অঞ্চলের হোটেল ও গেটহাউজগুলো বন্ধ হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে অনেক বাংলাদেশি রোগী ও তাদের পরিজনকে ফুটপাত বা রাস্তার ধারে রাত কাটাতে হচ্ছে।
১৯ আগস্ট ভোরে শহরের মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ ৯ জন প্রাণ হারান। এরপরই পৌরসভা, দমকল বাহিনী ও পুলিশ যৌথভাবে শহরের হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ও অনুমোদন খতিয়ে দেখতে অভিযান শুরু করে। নিরাপত্তা ঘাটতি থাকলে দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশ। এতে অধিকাংশ হোটেল বন্ধ হতে শুরু করে। এ পর্যন্ত শতাধিক হোটেল ও গেস্টহাউজ বন্ধ হয়ে গেছে। আগে এসব এলাকায় কম খরচে থাকা যেত। চিকিৎসার জন্য যাওয়া বেশিরভাগ বাংলাদেশির নিউ মার্কেট এলাকাই পরিচিত ছিল। এখন তাদের অনেক দূরের এলাকায় যেতে হচ্ছে। কেউ বেশি টাকা দিয়ে ঘর ভাড়া নিচ্ছেন, কেউবা ফুটপাতে রাত কাটাচ্ছেন।
এর মধ্যে ক্যানসার রোগের চিকিৎসা করতে যাওয়া মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। শহরের ঠাকুরপুকুরের সরোজ গুপ্তা ক্যানসার সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য দিনের পর দিন কলকাতায় থাকতে হয়। কেমোথেরাপি বা রেডিয়েশনের রোগীকে নিয়ে প্রতিদিন দূরপথ পাড়ি দেওয়া অনেক পরিবারের পক্ষেই সম্ভব নয়। এ সমস্যা শুধু বাংলাদেশিদের নয়, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীদেরও সংকটে পড়তে হচ্ছে।
বিকল্প সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা না করে এভাবে হোটেল বন্ধ করায় প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনও সতর্ক করেছে নিজ দেশের নাগরিকদের। শুক্রবার কর্তৃপক্ষ কলকাতায় আসার আগে হোটেল বুকিং নিশ্চিত করতে পরামর্শ দিয়েছে।
