Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

৬৩ দেশে নিয়মিত মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ মিশন

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

৬৩ দেশে নিয়মিত মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ মিশন

ফাইল ছবি

Advertisement

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে বর্তমানে ৬৩টি দেশে অবস্থিত বাংলাদেশের ৮৬টি মিশন প্রয়োজন অনুযায়ী নিয়মিত মোবাইল কনস্যুলার ক্যাম্প পরিচালনা করছে। এসব ক্যাম্পে পাসপোর্টসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ক্যাম্পের স্থান, তারিখ ও সময় সম্পর্কে সংশ্লিষ্ট দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম প্রচারণা চালানো হয়। ফলে দূতাবাস থেকে দূরে বসবাসকারী প্রবাসীরাও সহজে এসব সেবা গ্রহণ করতে পারেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-৭ এর সরকারি দলের সদস্য বিলকিস ইসলামের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ই-পাসপোর্টের অনলাইন আবেদন ও অনলাইন পেমেন্টের সুবিধা চালু থাকায় প্রবাসীরা নিজ অবস্থান থেকেই প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন।

তিনি বলেন, যেসব প্রবাসী আইনি জটিলতা, চলাচলে সীমাবদ্ধতা বা অন্যান্য বাস্তব সমস্যার কারণে দূতাবাসে সরাসরি উপস্থিত হতে পারেন না, তারা সংশ্লিষ্ট মিশনের জরুরি হটলাইন বা ই-মেইলে যোগাযোগ করতে পারেন। প্রয়োজন অনুযায়ী মিশনগুলো তাদের নিকটবর্তী কনস্যুলার ক্যাম্প সম্পর্কে অবহিত করতে এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় কনস্যুলার ও আইনগত সহায়তার ব্যবস্থা করতে পারে।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো—প্রবাসীরা যে দেশেই এবং যে অবস্থাতেই থাকুন না কেন, তাদের জন্য কনস্যুলার সেবা যেন সহজলভ্য, দ্রুত ও নাগালের মধ্যে থাকে। এ লক্ষ্যে প্রয়োজন অনুযায়ী মোবাইল কনস্যুলার ক্যাম্প আরও সম্প্রসারণের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে।

অপরদিকে, জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ৬৩টি দেশে বাংলাদেশের মোট ৮৬টি কূটনৈতিক মিশন কার্যক্রম পরিচালনা করছে।

এর মধ্যে ৬২টি দূতাবাস ও হাইকমিশন এবং ২৪টি কনস্যুলেট, উপ-হাইকমিশন, সহকারী হাইকমিশন ও স্থায়ী মিশন রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম