Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

পে স্কেল: বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

পে স্কেল: বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

Advertisement

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা মাসে তিন হাজার টাকা করে ভাতা পাবেন। একজন সরকারি চাকরিজীবী সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা পাবেন। এর বেশি থাকলে পাবেন না।

শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন-ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে প্রকাশিত গেজেটে এ সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, দুই সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন হলে তিনি মাসে ছয় হাজার টাকা ভাতা পাবেন। তবে দুইয়ের বেশি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলেও সর্বোচ্চ দুই সন্তানের জন্যই এ ভাতা দেওয়া হবে। এই ভাতা পাওয়ার ক্ষেত্রে অন্য কোনো ভাতা গ্রহণের সুযোগ রাখা হয়নি। অর্থাৎ বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য একাধিক সরকারি ভাতা একসঙ্গে নেয়া যাবে না। এই টাকা বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের মা কিংবা বাবার ব্যাংক অ্যাকাউন্টে যাবে।

নবম পে স্কেলের আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সোয়া ৯ লাখ পেনশনভোগী সুবিধা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সরকারি চাকরিজীবীদের কতজনের সন্তান প্রতিবন্ধী সে ধরনের তথ্য নেই। তবে এখন তা অর্থ বিভাগের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার বা আইবাসে অন্তর্ভুক্ত করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সরকারি চাকরিজীবীদের জন্য এ সুবিধা নির্ধারণের ফলে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা পরিবারগুলো তাদের সন্তানের চিকিৎসা, শিক্ষা, থেরাপি ও পরিচর্যায় এই টাকা ব্যয় করতে পারবেন। এতে তারা কিছুটা স্বস্তি পাবেন। এ ভাতা সেই ব্যয়ের একটি অংশ পূরণে সহায়তা করবে।

এ সুবিধা পেতে কোন কোন শর্ত পূরণ করতে হবে, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান হিসেবে স্বীকৃতির ক্ষেত্রে কী ধরনের সনদ বা নথি প্রয়োজন এবং ভাতা পাওয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্মচারীকে কীভাবে আবেদন করতে হবে, এসব বিষয় সংশ্লিষ্ট দপ্তরের বিধি ও প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: নতুন পে স্কেল


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম