পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: গণপূর্তমন্ত্রী
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সারা দেশে বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি। রোববার বিকেলে ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির পূর্বে একথা বলেন। র্যালিটি জিয়া উদ্যান থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।
মন্ত্রী বলেন, ‘সীমিত আয়ের মানুষের জন্য এক লক্ষ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা। এ লক্ষ্যে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, জেলা ও গুরুত্বপূর্ণ নগর এলাকায় মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।’
র্যালিতে উপস্থিত ছিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর; সচিব মো. ওবায়দুর রহমান; রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম; প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ; রিহ্যাব ও বিআইপি বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
মন্ত্রীর ভাষ্য, ‘নগরায়ণ যেন অপরিকল্পিতভাবে না হয়, সেজন্য মাস্টারপ্ল্যানের আওতায় আবাসন, সড়ক, যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় নাগরিক অবকাঠামো গড়ে তুলতে হবে। সারা দেশে পরিকল্পিতভাবে নগরায়ণ ও আবাসন ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।’
তিনি বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার ও মেলায় সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।
সোমবার (৫ অক্টোবর) উদযাপিত হবে ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এদিন সকাল ১০ টায় ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং জাতি সংঘের আবাসিক সমন্বয়ক মিজ ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক (Ms. Carol Flore-Smereczniak)।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে তিন দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই মেলায় রিহ্যাব, নির্মাণ খাত, ব্যাংকিং সেবা, রাজউক, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, নগর পরিকল্পনাসহ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা অংশ নেবে। আবাসন, নির্মাণ খাত এবং ব্যাংকিং সেবা পণ্য ও সেবা প্রদর্শনের জন্য মেলায় মোট ১৫৭টি স্টল থাকছে। বিশ্ব বসতি দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কর্তৃক এ মেলার উদ্বোধন করার কথা রয়েছে।
বিশ্ব বসতি দিবসে পরিকল্পিত নগরায়ণ ও টেকসই আবাসন বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে আগামীকাল দুপুর ২.৩০ টা থেকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 'On-Site Upgradation of Low-Income Housing: Evidence From Two Case Study Areas of Dhaka'; হাউজ বিল্ডিং রিচার্স ইনিস্টিউটের পক্ষ থেকে 'HBRI Housing Model: Advancing Adequate Housing for all in Bangladesh'; বাংলাদেশ ইনিস্টিউটের পক্ষ থেকে 'Adequate Housing for All: Rethinking Modes of Housing Provision in achanging World'; এবং Habitat for Humanity এর পক্ষ থেকে 'Housing for all in Bangladesh Building an Inclusive Affordable and Climate – Resilient Housing System' শীর্ষক উপস্থাপনা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া দেশব্যাপী সকল বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদযাপন করা হবে। এ দিবস উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশ, টেলিভিশন ও বেতারে বিশেষ টকশো প্রচার এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।
