বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম
হাসপাতাল উদ্বোধনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে। আমার বাবা এই এলাকার মানুষের সেবায় বহুমুখী উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। স্বাস্থ্য সুরক্ষা মানুষের মৌলিক অধিকার। অসুস্থ হলে মানুষ জায়গা-জমি বিক্রি করে দেয়। তারপরও অনেকে যথাযথ চিকিৎসা পায় না। বাবা এই উপলব্ধি থেকে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি হাসপাতাল করার স্বপ্ন দেখেছিলেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ি এলাকায় বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
মন্ত্রীর বাবা মরহুম একেএম আবু তাহের ছিলেন সাবেক সংসদ সদস্য, শিল্পপতি ও সমাজসেবক। তার নামেই হাসপাতালটির নামকরণ করা হয়েছে। ২০২৬ সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সোনাইমুড়ি ২০ শয্যা হাসপাতালের নাম পরিবর্তন করে ‘একেএম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল’ করা হয়।
জাকারিয়া তাহের সুমন বলেন, আমার বাবা হাসপাতাল নির্মাণের জন্য এই জমিটা দিয়ে গেছেন। কিন্তু বিগত সরকার এই হাসপাতালের কাজ শেষ করতে দেয়নি। এটা আপনাদের হাসপাতাল, আপনারাই দেখভাল করবেন।
অবহেলিত এ জনপদের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতেই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। এখানে নামমাত্র খরচে চিকিৎসাসেবা দেওয়া হবে। আগামী তিন মাসের মধ্যে হাসপাতালটিতে পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালুর কথা জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি ও ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ কায়সার আলম সেলিম, সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক জুনাব আলী ও সৈয়দ জহিরুল ইসলাম স্বপন, সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু এবং পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম।
জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রায় ১০ কোটি ৬০ লাখ ৪৪ হাজার ৪৪০ টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে।

