জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে: শাহে আলম
তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম
এলজিইডির সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
|
ফলো করুন |
|
|---|---|
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জনগণের কষ্টার্জিত অর্থে নির্মিত অবকাঠামো যেন টেকসই হয় এবং মানুষের প্রকৃত উপকারে আসে, সেদিকে খেয়াল রেখে কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। ঠিকাদারদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রেখে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা না দেখিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবনিযুক্ত প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এলজিইডির সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশে বলেন, কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে যোগ্যতার প্রমাণ দিয়ে তারা দেশের অন্যতম বৃহৎ এই সংস্থায় যোগ দিয়েছেন। এলজিইডির মাধ্যমে সরাসরি মানুষের কল্যাণে কাজ করার এবং জনসেবা করার প্রচুর সুযোগ রয়েছে। বর্তমান সরকার তারুণ্যের শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সংগতি রেখে মিতব্যয়ী মনোভাব নিয়ে মাঠপর্যায়ের উন্নয়নকাজ পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে কাজ করার সময় সরকারের ক্রয়সংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ ছাড়া প্রকৌশলীদের দীর্ঘদিনের প্রাণের দাবি অনুযায়ী এলজিইডি ক্যাডারভুক্তকরণের বিষয়টি দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নবনিযুক্ত প্রকৌশলীদের বিভিন্ন প্রশ্নের উত্তর শোনেন।
এলজিইডির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ১৭৬ জন নবনিযুক্ত সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

