সংশোধিত বাজেট
নতুন গাড়ি কেনা, ভবন নির্মাণ ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করল সরকার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সরকারি ব্যয় কমাতে ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে বেশ কিছু খাতে কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন সরকারি ভবন নির্মাণ, যানবাহন কেনা এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণে বিধিনিষেধ বহাল রাখা হয়েছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের সংখ্যা সীমিত করে অগ্রাধিকার খাতে বরাদ্দ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রাক্কলন (পরিচালন ও উন্নয়ন) প্রণয়নে এ সংক্রান্ত বাজেট পরিপত্র জারি করা হয়। এতে মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানকে সংশোধিত বাজেট তৈরির ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা ও নির্দেশনা অনুসরণের কথা বলা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, সংশোধিত বাজেট কোনোভাবেই চলতি অর্থবছরের মূল বাজেটে নির্ধারিত মোট ব্যয়সীমার বেশি করা যাবে না। অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনে বিভিন্ন খাত বা অর্থনৈতিক কোডের বরাদ্দ কমানো-বাড়ানো যাবে, তবে তা মূল বাজেটের মোট ব্যয়সীমার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। উন্নয়ন বাজেটে অব্যয়িত অর্থ কোনোভাবেই পরিচালন বাজেটে স্থানান্তর করা যাবে না।
সরকারি ব্যয় হ্রাসের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য সরকারি ভবন নির্মাণ বন্ধ থাকবে। তবে কোনো চলমান নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ বা তার বেশি হলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে। জরুরি প্রয়োজনে যৌক্তিকতা তুলে ধরে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের ভবন নির্মাণের ক্ষেত্রেও আলাদাভাবে অনুমোদন নেওয়া যাবে।
সব ধরনের যানবাহন কেনার বরাদ্দও বন্ধ থাকবে। তবে ১০ বছরের বেশি পুরোনো টিওঅ্যান্ডইভুক্ত যানবাহন প্রতিস্থাপন এবং নবগঠিত সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যানবাহন অর্থ বিভাগের অনুমোদন নিয়ে কেনা যাবে। অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া প্রতিস্থাপন বা নতুন কেনা জিপ ও কার অবশ্যই পূর্ণ বৈদ্যুতিক যান হতে হবে। তবে ২০২৬ সালের ৮ জুলাইয়ের আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এ শর্ত শিথিলযোগ্য।
এ ছাড়া পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণ খাতে কোনো বরাদ্দ রাখা যাবে না। সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত বিশেষ অগ্রিম খাতেও অর্থ বরাদ্দ দেওয়া যাবে না। উন্নয়ন বাজেটে পরিকল্পনা কমিশনের অনুকূলে ‘বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা’ খাতে সংরক্ষিত সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রেও অর্থ বিভাগের পূর্বানুমোদন নিতে হবে।
সরকারি অর্থায়নে সব ধরনের বিদেশি প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধ থাকবে। তবে অত্যাবশ্যকীয় বিবেচনায় সীমিত আকারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ রাখা যাবে। পরিচালন বাজেটে আপ্যায়ন, সেমিনার, অনুষ্ঠান ও উৎসবের জন্য অপরিহার্য বিবেচনায় অর্থ বরাদ্দ রাখা গেলেও ব্যয়ে আড়ম্বর পরিহার করে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশোধিত বাজেট তৈরির ক্ষেত্রে রাজস্ব আয় ও পরিচালন ব্যয়ের প্রাক্কলন করতে বিগত দুই অর্থবছরের প্রথম ছয় মাস এবং চলতি অর্থবছরের প্রথম চার মাসের প্রকৃত আয়-ব্যয়ের ধারা বিবেচনায় নিতে হবে। বেতন-ভাতা খাতের সংশোধিত প্রাক্কলনে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে চলতি অর্থবছরের অক্টোবর মাসের প্রকৃত ব্যয় বিবেচনা করা যেতে পারে।
উন্নয়ন বাজেটের আওতায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সংশোধিত বরাদ্দ তৈরির ক্ষেত্রেও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে প্রকল্পের সংখ্যা সীমিত রেখে সরকারের কৌশলগত লক্ষ্য, নির্বাচনি ইশতেহার এবং অগ্রাধিকার বিবেচনায় প্রকল্প বাছাই করতে বলা হয়েছে। কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিয়ে দারিদ্র্য বিমোচন ও মানবসম্পদ উন্নয়নে সহায়ক খাতকে গুরুত্ব দিতে হবে। একই সংস্থার অধীনে একই ধরনের উদ্দেশ্যে নেওয়া একাধিক ছোট প্রকল্প একত্র করে গুচ্ছ প্রকল্প হিসেবে প্রস্তাব করার পরামর্শ দেওয়া হয়েছে। বরাদ্দ ছাড়া কোনো প্রকল্প সংশোধিত এডিপির মূল অংশে রাখা যাবে না।
বৈদেশিক ঋণ ও অনুদানে বাস্তবায়নাধীন প্রকল্প, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নসংশ্লিষ্ট প্রকল্প, মানব উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, পরিবেশ ও জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসনসংশ্লিষ্ট প্রকল্পকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে যেসব প্রকল্প শেষ হওয়ার কথা, সেগুলোকেও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিত করতে প্রকল্পের বরাদ্দ বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, চলমান প্রকল্পের অনুমোদিত ব্যয় ও এ পর্যন্ত হওয়া ক্রমপুঞ্জীভূত ব্যয়ের ভিত্তিতে যুক্তিসংগত বরাদ্দ প্রস্তাব করতে হবে। ধীরগতির প্রকল্প থেকে বরাদ্দ কমিয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য গুরুত্বপূর্ণ প্রকল্পে প্রয়োজন অনুযায়ী অর্থ দিতে হবে। চলমান প্রকল্পের নির্ধারিত সময়ে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় স্থানীয় মুদ্রার বরাদ্দ দেওয়ার পরই নতুন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব করা যাবে।
সংশোধিত বাজেট প্রস্তাব প্রশাসনিক মন্ত্রণালয় ও বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বিস্তারিত পরীক্ষা ও অনুমোদন করাতে হবে। প্রস্তাবের সঙ্গে কমিটির সভার কার্যবিবরণীও জমা দিতে হবে। সংশোধিত বাজেট অনুমোদনের পর এর সঙ্গে সামঞ্জস্য রেখে রাজস্ব আহরণ, ব্যয় পরিকল্পনা ও বার্ষিক ক্রয় পরিকল্পনাও হালনাগাদ করতে হবে।
অর্থ বিভাগের পরিপত্রে সংশোধিত পরিচালন বাজেট ও নন-এডিপি স্কিমের প্রাক্কলন আগামী ২৬ নভেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে। একই সময়ের মধ্যে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও প্রকল্পের প্রাক্কলন অর্থ বিভাগের পাশাপাশি পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগগুলোতে পাঠাতে হবে।
