মোবাইল কোর্টের অভিযান নিয়ে সরকারের নতুন নির্দেশনা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) প্রতিটি অভিযান এখন থেকে ভিডিও ধারণ করতে হবে। পাশাপাশি আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল হলে প্রয়োজন অনুযায়ী আপিল আদালতে ওই ভিডিও সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে হবে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।
পরিপত্রে বলা হয়েছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী সংরক্ষণ করতে হবে। এ জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জেএম শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থায় ভিডিওগুলো যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। একই সঙ্গে ধারণ করা ভিডিওর একটি কপি সংশ্লিষ্ট মিডিয়া সেলে পাঠাতে হবে।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেও নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রতিটি জেলায় একটি করে ‘মিডিয়া সেল’ গঠন বা রাখার কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এসব মিডিয়া সেলের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম প্রচার করা হবে।
এ ছাড়া অভিযানে জব্দ করা মালামাল সংরক্ষণের বিষয়েও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে পরিপত্রে। প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে জব্দ করা মালামাল রাখার জন্য নিরাপদ ও সুরক্ষিত কক্ষ, স্থাপনা বা স্থান নির্ধারণ করতে হবে।
জব্দ করা মালামাল গ্রহণ, সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী আদালতে উপস্থাপন বা হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব সুনির্দিষ্ট করে দিতে হবে। এতে জব্দ করা সম্পদের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।
তবে পচনশীল বা দ্রুত নষ্ট হয়ে যায় এমন মালামালের ক্ষেত্রে দীর্ঘদিন সংরক্ষণের বাধ্যবাধকতা থাকছে না। এসব মালামাল বিদ্যমান আইন ও বিধিবিধান অনুসরণ করে নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে।

