জাপানের বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা চায় বাংলাদেশ
মহিউদ্দিন খান রিফাত, আনতালিয়া (তুরষ্ক) থেকে
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার উন্নয়ন, দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনায় জাপানের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
শনিবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর জাপান প্যাভিলিয়নে দুই দেশের এক দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় তুলে ধরেন প্রতিমন্ত্রী। বাংলাদেশের পক্ষে শেখ ফরিদুল ইসলাম এবং জাপানের পক্ষে দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের বৈশ্বিক পরিবেশবিষয়ক ভাইস মিনিস্টার তাকেশি সেকিয়া বৈঠকে নেতৃত্ব দেন।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার পাশাপাশি সবুজ অর্থনীতি গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এসব ক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বাংলাদেশ-জাপান বিদ্যমান জয়েন্ট ক্রেডিটিং মেকানিজমের (জেসিএম) আওতায় সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। কার্বন ক্রেডিট ও আন্তর্জাতিক কার্বন বাজারকে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের নতুন সম্ভাবনাময় ক্ষেত্র উল্লেখ করে বাংলাদেশের জাতীয় কার্বন বাজার কাঠামো প্রণয়নের উদ্যোগের কথা জানান। এ ক্ষেত্রে জাপানের কারিগরি অভিজ্ঞতা ও বিনিয়োগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সৌরবিদ্যুৎ উৎপাদন ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন তিনি।
বৈঠকে ঢাকা ও আশপাশের নদ-নদীর দূষণ পরিস্থিতিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। শিল্পবর্জ্য ও পয়োবর্জ্য পরিশোধনে ইটিপি, এসটিপি এবং কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) স্থাপনে জাপানের প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগ চান তিনি। বিশেষ করে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার স্থাপনের মাধ্যমে শিল্পদূষণ নিয়ন্ত্রণে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
জাপানের ভাইস মিনিস্টার তাকেশি সেকিয়া দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পরিবেশ সুরক্ষা বিষয়ে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন তিনি। আগামী বছরগুলোতে এ সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন।
বৈঠকে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের গ্লোবাল এনভায়রনমেন্ট ব্যুরোর পরিচালক রিউজো সুগিমোতো এবং জেসিএম ও আন্তর্জাতিক কার্বন মার্কেট অফিসের পরিচালক তোরু তেরাই উপস্থিত ছিলেন।

