গাজীপুরের মার্কেট দখল
বরখাস্ত বিচারক আরিফুলের বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের হাজী হোসেন পাইকারি মার্কেটের দখল ও সম্পত্তির বিরোধের জেরে ব্যবসায়ীদের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও মানবপাচারের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে। এসব মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ব্যবসায়ীদের পক্ষে আবুল কালাম আজাদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের শ্বশুরবাড়ি গাজীপুরের চৌরাস্তায় এবং স্থায়ী বাড়ি সিরাজগঞ্জে। শ্বশুরবাড়ির সম্পত্তির বিরোধের জেরে তার স্ত্রী মোশাররেফা মোহাম্মদ রীম হাজী হোসেন মার্কেটের মালিকানা দাবি করছেন। সেই সূত্রে আরিফুল ইসলাম একাধিকবার মার্কেটটি দখলের চেষ্টা করেছেন। পাশাপাশি ব্যবসায়ীদের জামানতের টাকা ফেরত না দিয়ে নতুন ব্যবসায়ীদের দোকানে বসানোর চেষ্টা করা হয়েছে।
আবুল কালাম আজাদের অভিযোগ, মার্কেটের বৈধ মালিক তৌহিদুল ইসলাম মুজিবের ওপর অন্যায়-অত্যাচারের প্রতিবাদ এবং ব্যবসায়ীদের স্বার্থে অবস্থান নেওয়ায় আরিফুল ইসলাম তাদের ওপর ক্ষুব্ধ হন। এরপর থেকে তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একের পর এক মামলা করা শুরু হয়।
তিনি বলেন, তার বয়স বিবেচনায় না নিয়েই যশোরের কোতোয়ালি থানায় ২০২৬ সালের ৫ জুলাই করা একটি ধর্ষণ মামলায় তাকে এক নম্বর আসামি করা হয়েছে। অথচ এর আগের দিন ৪ জুলাই স্থানীয় সংসদ সদস্য মুজিবর রহমানের উপস্থিতিতে মার্কেটের ভেতরে কয়েকশ মানুষের সামনে বিরোধ নিষ্পত্তির জন্য আপস-মীমাংসার বৈঠক হয়েছিল। ওই বৈঠকের সিসিটিভি ফুটেজও রয়েছে বলে দাবি করেন তিনি।
আবুল কালাম আজাদ আরও বলেন, অজ্ঞাতপরিচয় এক তরুণীকে বাদী করে ধর্ষণ মামলাটি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, তিনি বাদীকে খুঁজে পাচ্ছেন না। জমিজমার বিরোধকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে বলেও তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মার্কেটের ব্যবসায়ী ও মালিকের বিরুদ্ধে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন জেলায় চাঁদাবাজি ও মানবপাচারের মামলা করা হয়েছে। এসব মামলার বেশিরভাগই মিথ্যা প্রমাণিত হয়েছে এবং আদালত সেগুলোতে রায় দিয়েছেন বলে দাবি করেন আবুল কালাম আজাদ।
মার্কেট দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, আরিফুল ইসলামের লোকজন মার্কেটে প্রবেশ করে একটি অংশ দখলে নেন। এ সময় বাধা দিতে গেলে ব্যবসায়ীদের ওপর হামলা চালানো হয়। এতে অনেকে আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এলে তারা আরিফুল ইসলাম ও তার ভাই কনস্টেবল মেহেদীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে বিচারক পরিচয় দেওয়ার পর তারা ছাড়া পেয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, আরিফুল ইসলাম ও তার স্ত্রী মোশাররেফা মোহাম্মদ রীম একজন নারী ব্যবসায়ীকে জোরপূর্বক মার্কেট থেকে বের করে দিচ্ছেন, এমন একটি ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে। ওই ঘটনায় আরিফুল ইসলাম ‘রক্তের গঙ্গা বইয়ে দেওয়ার’ হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, হয়রানিমূলক মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মার্কেটের ব্যবসায়ীরা।
