Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

ফুটপাত দখলকারী দোকানদারের কাছ থেকে পণ্য কেনা কি জায়েজ?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

ফুটপাত দখলকারী দোকানদারের কাছ থেকে পণ্য কেনা কি জায়েজ?

ফাইল ছবি

Advertisement

ফুটপাতে চলার পথে যারা দোকান তৈরি করে মানুষের চলাচলে কষ্ট দেয় সেইসব ফুটপাতের দোকান থেকে কিছু ক্রয় করলে বা কিছু খেলে কি গোনাহ হবে? সেই দোকানদাররা যে অবৈধ স্থাপনা করে মানুষকে কষ্ট দিচ্ছে, জেনেশুনে সেখান থেকে কিছু ক্রয় করলে তাদের সহোযোগিতা করা হবে কি?

উত্তরে  মদিনা মুনাওয়ারার ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম বলেন, ফুটপাত দখল করে বসা দোকান থেকে কেনাকাটা করা জায়েজ কি না—বিষয়টি বুঝতে হলে দোকানদারের কাজ (দখল) এবং ক্রেতার কাজ (ক্রয়)—উভয় বিষয়কে আলাদাভাবে দেখতে হবে।

১. ফুটপাত দখল করে দোকান বসানোর বিধান

ফুটপাত বা সাধারণ চলাচলের পথ দখল করে এমনভাবে দোকান বসানো, যার কারণে মানুষের চলাচলে বিঘ্ন ঘটে বা পথ সংকীর্ণ হয়ে যায়—এটি শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কাজ। এটি মানুষের হক নষ্ট করার শামিল।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন,

৬২২৯- حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِيَّاكُمْ وَالجُلُوسَ بِالطُّرُقَاتِ» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَا لَنَا مِنْ مَجَالِسِنَا بُدٌّ نَتَحَدَّثُ فِيهَا، فَقَالَ: «إِذْ أَبَيْتُمْ إِلَّا المَجْلِسَ، فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ» قَالُوا: وَمَا حَقُّ الطَّرِيقِ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «غَضُّ البَصَرِ، وَكَفُّ الأَذَى، وَرَدُّ السَّلاَمِ، وَالأَمْرُ بِالْمَعْرُوفِ، وَالنَّهْيُ عَنِ المُنْكَرِ»

৫৭৯৬। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহ.) ......... আবু সাঈদ খুদরী (রাযি.) থেকে বর্ণিত যে, একবার নবী (ﷺ) বললেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাক। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! আমাদের রাস্তায় বসা ছাড়া গত্যন্তর নেই, আমরা সেখানে কথাবার্তা বলি। 

তিনি বললেন, যদি তোমাদের রাস্তায় মজলিস করা ছাড়া উপায় না থাকে, তবে তোমরা রাস্তার হক আদায় করবে। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! রাস্তার হক কি? তিনি বললেন, তা হল, চোখ অবনত রাখা, কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। সালামের জবাব দেওয়া এবং সৎকাজের নির্দেশ দেওয়া আর অসৎকাজ থেকে নিষেধ করা।

সহীহ বুখারী, হাদীস নং- ৫৭৯৬, আন্তর্জাতিক নং- ৬২২৯

২. ফুটপাতের ওই দোকান থেকে পণ্য কেনার বিধান

দোকানদার অবৈধভাবে জায়গা দখল করে বসলেও, সে যদি হালাল ও নিজের মালিকানাধীন বৈধ কোনো পণ্য বিক্রি করে, তবে তার কাছ থেকে ওই পণ্য কেনা সরাসরি হারাম বলার সুযোগ নেই। কারণ, ক্রেতা মূলত টাকার বিনিময়ে বৈধ পণ্যটি কিনছেন, ফুটপাত দখলের ক্ষেত্রে তিনি অংশ নিচ্ছেন না। ক্রয়-বিক্রয়ের এই লেনদেনটি ফিকহি দৃষ্টিকোণ থেকে শুদ্ধ হবে।

তবে লেনদেন সহিহ হলেও এখানে তাকওয়া এবং গুনাহে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা নেক কাজ ও তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সাহায্য করো, কিন্তু গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে সাহায্য কোরো না।’ (সূরা মায়িদা: ২)

যদি এমন হয় যে, ক্রেতাদের ব্যাপক কেনাকাটার কারণেই দোকানদার অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা টিকিয়ে রাখতে বা বাড়াতে উৎসাহিত হচ্ছে, তবে জেনেশুনে সেখান থেকে কেনাকাটা করা গুনাহের কাজে পরোক্ষ সহযোগিতার কারণ হতে পারে।

সার্বিক দিক বিবেচনা করে একজন ক্রেতার করণীয় হলো, যদি আশপাশে বৈধ কোনো দোকান থাকে, তবে ফুটপাত দখলকারী দোকান এড়িয়ে চলাই তাকওয়ার দাবি। এর মাধ্যমে মানুষের কষ্ট সৃষ্টিকারী একটি অন্যায় কাজকে নিরুৎসাহিত করা হবে।

আর যদি ওই মুহূর্তে বিকল্প কোনো দোকান না থাকে, অথবা ফুটপাতের দোকানটি এমনভাবে বসানো থাকে যে মানুষের চলাচলে বাস্তবে কোনো সমস্যা হচ্ছে না, তখন তার কাছ থেকে পণ্য কেনার কারণে ক্রেতাকে গুনাহগার বলা যাবে না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম