যে ৩ আমলে বাড়ে হায়াত, মেলে জীবনে বরকত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মানুষের জন্ম-মৃত্যু মহান আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী সংঘটিত হয়। প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে ইসলামে এমন কিছু আমলের কথা বলা হয়েছে, যেগুলোর মাধ্যমে মানুষের আয়ু বৃদ্ধি পেতে পারে অথবা জীবনে বরকত আসতে পারে। হাদিসের আলোকে এমন তিনটি গুরুত্বপূর্ণ আমল তুলে ধরেছেন আলেমরা।
ইসলামি ব্যাখ্যা অনুযায়ী, হায়াত বৃদ্ধি বলতে শুধু আক্ষরিক অর্থে আয়ু বেড়ে যাওয়াকে বোঝায় না। এর অর্থ হতে পারে জীবনে বরকত লাভ করা। ফলে অল্প সময়ের মধ্যেই একজন মানুষ বেশি নেক আমল করার সুযোগ পেতে পারেন। আবার এমন ভালো কাজ করার তাওফিকও পেতে পারেন, যা মৃত্যুর পরও মানুষ দীর্ঘদিন স্মরণ করবে।
১. মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার
মা-বাবার প্রতি সম্মান, ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করলে জীবনে কল্যাণ ও বরকত আসে।
সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দোয়া ছাড়া অন্য কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না।’ (জামে তিরমিজি, হাদিস: ২১৩৯)
২. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা
আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং বিপদে-আপদে তাদের পাশে দাঁড়ানো ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা। আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ন রাখলে রিজিকে প্রশস্ততা আসে এবং হায়াতে বরকত হয়।
হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি হোক, সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ন রাখে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯৮৬)
৩. প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ
প্রতিবেশীর অধিকার রক্ষা করা এবং তাদের সঙ্গে সদ্ব্যবহার করাও ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রতিবেশীর বিপদে সহযোগিতা করা, খোঁজখবর রাখা এবং তাদের কষ্টের কারণ না হওয়া একজন মুসলমানের দায়িত্ব।
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সুন্দর চরিত্র এবং প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার জনপদকে আবাদ রাখে এবং আয়ু বৃদ্ধি করে।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ২৫২৫৯)
জীবনে বরকত আনে সুন্দর আচরণ
ইসলামের এসব শিক্ষা থেকে বোঝা যায়, মা-বাবার প্রতি দায়িত্ব পালন, আত্মীয়তার বন্ধন অটুট রাখা এবং প্রতিবেশীর অধিকার আদায়ের বিশেষ গুরুত্ব রয়েছে। এসব আমল মানুষের পারস্পরিক সম্পর্ক সুন্দর করার পাশাপাশি সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
তাই শুধু দীর্ঘ জীবন কামনা নয়, জীবনের প্রতিটি মুহূর্তকে কল্যাণকর করে তুলতে এসব আমল করা জরুরি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখাও একজন মুমিনের অন্যতম দায়িত্ব।
