Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

মৃত ব্যক্তির কাছে নিজের প্রয়োজনীয় বস্তু চাওয়া যাবে কি?

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

মৃত ব্যক্তির কাছে নিজের প্রয়োজনীয় বস্তু চাওয়া যাবে কি?

ছবি: সংগৃহীত

Advertisement

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। ইমান ও তাওহিদের সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এই ধর্মে ইবাদত-বন্দেগির প্রতিটি নিয়ম অত্যন্ত সুনির্দিষ্ট ও স্পষ্ট। কিন্তু অজ্ঞতা ও ভুলের কারণে অনেক সময় মানুষ ইবাদতের নামে এমন কিছু কাজ করে বসে, যা শরিয়তে সম্পূর্ণ নিষিদ্ধ বা বিদআত হিসেবে গণ্য। বিশেষ করে কবর ও মাজার কেন্দ্র করে সমাজে নানা ধরনের ভ্রান্ত ধারণা ও কর্মপদ্ধতি প্রচলিত রয়েছে, যা তাওহিদের মূল চেতনার পরিপন্থি। নিম্নে কবরের পাশে সংঘটিত প্রধান কয়েকটি বিদআত এবং সেগুলোর শরয়ি বিধান আলোচনা করা হলো।

১. মৃত ব্যক্তির নিকট নিজের প্রয়োজনীয় বস্তু চাওয়া

মৃত বা অদৃশ্য কোনো সত্তার কাছে নিজের প্রয়োজন বা সাহায্য চাওয়া সরাসরি মূর্তি পূজার অন্তর্ভুক্ত এবং এটি বড় শিরক। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন—

قُلِ ادۡعُوا الَّذِیۡنَ زَعَمۡتُمۡ مِّنۡ دُوۡنِهٖ فَلَا یَمۡلِكُوۡنَ كَشۡفَ الضُّرِّ عَنۡكُمۡ وَ لَا تَحۡوِیۡلً اُولٰٓئِكَ الَّذِیۡنَ یَدۡعُوۡنَ یَبۡتَغُوۡنَ اِلٰی رَبِّهِمُ الۡوَسِیۡلَۃَ اَیُّهُمۡ اَقۡرَبُ وَ یَرۡجُوۡنَ رَحۡمَتَهٗ وَ یَخَافُوۡنَ عَذَابَهٗ ؕ اِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحۡذُوۡرًا

‘বলুন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে মাবুদ মনে করে আহ্বান কর, তারা তোমাদের দুঃখ-দুর্দশা দূর করার অথবা পরিবর্তন করার শক্তি রাখে না। তারা যাদের আহ্বান করে তারাই তো নিজ রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে, তাদের কে কত নিকটতম হতে পারে, তার দয়া প্রত্যাশা করে ও তাঁর শাস্তিকে ভয় করে। তোমার রবের শাস্তি ভয়াবহ।’ (সুরা আল-ইসরা: আয়াত ৫৬-৫৭)

এ আয়াতটি মূলত সেই সব লোকদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদতের উপযুক্ত বা মাবুদ হিসেবে ডাকে। অতএব, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত মৃত অথবা অদৃশ্য কোনো পীর, অলি বা নবীর কাছে কোনো কিছু প্রার্থনা করল, সে বড় শিরক করল— যা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। একইভাবে কোনো নবী বা অলির ব্যাপারে অতিরঞ্জন করে বলা— ‘হে বাবা! আমাকে সাহায্য করুন, আমার ফরিয়াদ কবুল করুন, আমাকে রিজিক বা সন্তান দিন’— এ সবই বড় শিরক। এ ধরনের ব্যক্তিকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

২. মৃত ব্যক্তির অসিলায় আল্লাহর নিকট প্রার্থনা করা

নবী ও অলিগণের অসিলায় দোয়া করা বিদআতের অন্তর্ভুক্ত; তবে এটি সরাসরি শিরকে আকবার (বড় শিরক) হবে না। অনেকে এভাবে দোয়া করেন—‘হে আল্লাহ! তোমার নবীগণের, ফেরেশতাগণের, অলিগণের, অমুক শায়খের বা লৌহ কলমের সম্মানে আমার দোয়া কবুল করো।’ এগুলো নিকৃষ্টতম বিদআতের অন্তর্ভুক্ত।

শরিয়তসম্মত উসিলা হলো কেবল আল্লাহর সুন্দর নামসমূহ, তাঁর গুণাবলী এবং নিজের কোনো নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা। যেমন— বুখারি ও মুসলিমে বর্ণিত গুহায় আটকে পড়া তিন ব্যক্তির ঘটনা থেকে এটি প্রমাণিত। এছাড়া জীবিত কোনো সৎ মানুষের কাছে দোয়া চাওয়া এবং তার উপস্থিতিতে তার দোয়ার অসিলা নেওয়া জায়েয।

৩. কবরের পাশে দোয়া করা বা একে উত্তম মনে করা

কবরের পাশে দোয়া করাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করা, সেখানে দোয়া করলে তা বেশি কবুল হবে বলে বিশ্বাস করা কিংবা মসজিদ বা সাধারণ জায়গার চেয়ে কবরের পাশে দোয়া করাকে উত্তম মনে করা— সব ঐতিহাসিকের ঐকমত্যে হারাম।

এ বিষয়ে কুরআন ও সুন্নাহতে কোনো অনুমোদন নেই। সাহাবায়ে কেরাম, তাবেঈন ও ইমামগণের কেউ এমন আমল করেননি। সাহাবিগণ অনেক বিপদ-আপদে পড়লেও কখনো রাসুলুল্লাহ (সা.)-এর কবরে গিয়ে দোয়া করেননি। হজরত ওমর (রা.) যখন বৃষ্টির প্রয়োজন অনুভব করেছিলেন, তখন তিনি রাসুলের কবরের পাশে না গিয়ে তার চাচা আব্বাস (রা.)-কে সঙ্গে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। সালাফে সালেহীনগণও কবরের পাশে দোয়া করতে নিষেধ করেছেন।

হজরত আলী ইবনে হুসাইন (রা.) জনৈক ব্যক্তিকে রাসুলের (সা.) কবরের পাশে সুড়ঙ্গে প্রবেশ করতে দেখে বারণ করে বলেন, আমি কি তোমাকে আমার নানার একটি হাদিস শোনাব না? তিনি (সা.) ইরশাদ করেছেন—

لَاتَجْعَلُوْا قَبْرِيْ عِيْداً وَلَا تَجْعَلُوْا بُيُوْتَكُمْ قَبُوْرْاً، وَصَلُّوْا عَلَيَّ وَسَلِّمُوْا حَيْثُمَا كُنْتُمْ فَسَيُبَلِّغُنِيْ سَلَامَكُمْ وَصَلَاتَكُمْ

‘তোমরা আমার কবরকে ঈদ বা আনন্দ উৎসবের জায়গা বানিও না, তোমাদের ঘরকে কবর বানিও না। তোমরা আমার ওপর সালাত ও সালাম পাঠ কর। তোমরা যেখানেই তা পাঠ কর না কেন, তোমাদের সালাম ও সালাত আমার কাছে পৌঁছে দেওয়া হয়।’ (ফযলুস সালাত আলা নববি)

যেখানে ভূখণ্ডের সর্বশ্রেষ্ঠ কবর অর্থাৎ স্বয়ং রাসুলুল্লাহ (সা.)-এর কবরকেই ইদ বা উৎসবের স্থান বানাতে নিষেধ করা হয়েছে, সেখানে দুনিয়ার অন্যান্য সাধারণ কবরের ক্ষেত্রে এটি আরও বেশি প্রযোজ্য।

হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন— 

لَا تَجْعَلُوْا بُيُوْتَكُمْ قَبُوْراً وَلَا تَجْعَلُوْا قَبْرِيَ عِيْدًا وَصَلُّوْا عَلَيَّ فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِيْ حَيْثُ كُنْتُمْ

‘তোমরা নিজেদের ঘরকে কবর বানিও না, আমার কবরকে ইদ বা উৎসবস্থল বানিও না। আমার ওপর দরুদ পাঠ কর, তোমরা যেখানেই থাক না কেন, তোমাদের দরূদ ও সালাম আমার কাছে পৌঁছে যায়।’ (আবু দাউদ)

ইসলামে কবর জিয়ারতের উদ্দেশ্য হলো মৃত্যুকে স্মরণ করা, পরকালের কথা ভাবা এবং মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা। কিন্তু এর সীমানা লংঘন করে কবরের কাছে গিয়ে প্রার্থনা করা, মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া কিংবা কবরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি করা ইবাদতের মূল স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থি। তাই আসুন, কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে সব ধরনের বিদআত ও কুসংস্কার পরিহার করি এবং একমাত্র মহান আল্লাহর ইবাদত করার মধ্য দিয়ে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?

জায়নামাজে আরবি ক্যালিগ্রাফি, কী বলছে ইসলাম?

জায়নামাজে আরবি ক্যালিগ্রাফি, কী বলছে ইসলাম?

ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ?

ট্রাফিক জরিমানা এড়াতে পুলিশকে ঘুস দেওয়া কি জায়েজ?

আজকের নামাজের সময়সূচি: ১৩ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১৩ নভেম্বর ২০২৬

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?

হারাম আয়ের টাকা দান-সদকা করলে কবুল হবে কি?

হারাম আয়ের টাকা দান-সদকা করলে কবুল হবে কি?

আরও পড়ুন

মৃত ব্যক্তির কাছে নিজের প্রয়োজনীয় বস্তু চাওয়া যাবে কি?

মৃত ব্যক্তির কাছে নিজের প্রয়োজনীয় বস্তু চাওয়া যাবে কি?

২০২৭ সালের রমজানের প্রথম ইফতার কখন?

২০২৭ সালের রমজানের প্রথম ইফতার কখন?

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী?

জায়নামাজে আরবি ক্যালিগ্রাফি, কী বলছে ইসলাম?

জায়নামাজে আরবি ক্যালিগ্রাফি, কী বলছে ইসলাম?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম