পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, ৪ গ্রেডে কে কত পাবেন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গত দুইদিন টানা ২১ ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সক্ষম হয়েছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক ও শ্রমিকপক্ষের ঐক্যমতের ভিত্তিতে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। আগামী কয়েক দিনের এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত ২টায় প্রেস ব্রিফিং এ কথা জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মলিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএ’র পরিচালক এবিএম শামসুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
নতুন কাঠামো অনুযায়ী, ৪র্থ গ্রেডের শ্রমিকের (হেলপার, থ্রেড কাটার, লাইন অ্যাসিসটেন্ট) বেতন নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। ৩য় গ্রেডের (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডের (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মজুরি ২১ হাজার ৫০০ টাকা।
বৈঠক সূত্রে জানা গেছে, অনেক দরকষাকষির পর শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। শেষ পর্যন্ত বোর্ডের সদস্যের ভোটে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়েছে।
জানা গেছে, গত সোমবার মালিকপক্ষের দেওয়া প্রস্তাবের ওপর মঙ্গলবার দুপুর ২টা থেকে আলোচনা শুরু হয়। বিকাল ৪টায় সাংবাদিকদের ব্রিফিং করেন চেয়ারম্যান। নামাজ ও রাতের খাবারের বিরতি দিয়ে বৈঠক চলে রাত দেড় পর্যন্ত। এ সময় মোট ৪ দফা প্রস্তাব দেয় উভয়পক্ষ। সর্বশেষ রাত দেড়টায় সর্বসম্মতিক্রমে উভয়পক্ষ ঐক্যমতে পৌছায়।

