পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব ও তার স্ত্রীর ২১টি সম্পত্তি জব্দের আদেশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের নামে থাকা ২১টি স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং একটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক রাসেল রনি এ আবেদন করেন। আবেদনে বলা হয়, অপূর্ব হাসান পল্লবী থানার সাবেক ওসি। তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সামন্তহাটি এলাকায়। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধানকালে অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের নামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে অর্ণব হাসানের নামে ১০টি এবং তার স্ত্রীর নামে ১১টি স্থাবর সম্পদের তথ্য পেয়েছে দুদক। এসব সম্পদের মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন মৌজায় জমি এবং ঢাকার বাড্ডা এলাকার সম্পত্তি রয়েছে।
দুদকের আবেদনে অপূর্ব হাসানের নামে সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে থাকা দুটি ব্যাংক হিসাবের তথ্য তুলে ধরা হয়েছে। এ ছাড়া তার স্ত্রীর নামে একটি গাড়ির তথ্যও পাওয়া গেছে। এসব সম্পদ হস্তান্তর বা বেহাতের আশঙ্কা থাকায় ক্রোক ও অবরুদ্ধ করার আবেদন করে কমিশন।
আবেদনে আরও বলা হয়, অপূর্ব হাসান ও তার স্ত্রী তাদের নামে থাকা সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করতে পারেন। এতে পরবর্তী সময়ে এসব সম্পদ উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তাই অনুসন্ধান ও রাষ্ট্রের স্বার্থে সম্পদগুলো সংরক্ষণ করা জরুরি।

