জিয়াউলের মতো আসামিকে এত সুবিধা দেওয়া হয়নি: ট্রাইব্যুনাল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০২:১১ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছে আসামিপক্ষ।
আজ রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ মামলার দায়িত্বে আছেন।
শুনানির একপর্যায়ে ট্রাইব্যুনাল মন্তব্য করেন, জিয়াউল আহসানের মতো আর কোনো আসামিকে এত সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। এরপরও তিনি গণমাধ্যমে সুযোগ-সুবিধা না পাওয়ার কথা বলে যাচ্ছেন।
নিরাপত্তার কারণে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হননি জিয়াউল আহসান। তিনি ভার্চুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন। তার পক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।
এর আগে গত ২৬ নভেম্বর মামলায় তৃতীয় দিনের সমাপনী বক্তব্য দেন প্রসিকিউশন। সেদিন জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
তিনি জিয়াউল আহসানকে ‘নৃশংস খুনি’, ‘মানবতাবিরোধী অপরাধী’, ‘আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক’, ‘জঘন্য সিরিয়াল কিলার’ ও ‘বিশ্বমানবতার কলঙ্ক’ বলে উল্লেখ করেন।
জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। একই সঙ্গে তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আবেদন করেন তিনি। এসব সম্পত্তি থেকে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও আবেদন জানান। একই দিন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
