Logo
Logo
×

রাজনীতি

স্মৃতির সরণি বেয়ে ফিরছে তারেক রহমানের ২০০৩-এর সেই ছবি

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম

স্মৃতির সরণি বেয়ে ফিরছে তারেক রহমানের ২০০৩-এর সেই ছবি

ক্যালেন্ডারের পাতায় তেইশ বছরের ব্যবধান। ২০০৩ সালের সেই হাড়কাঁপানো শীতের সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যখন তিনি পা রেখেছিলেন, তখন পরিচয় ছিল দলের তরুণ নেতা এবং সিনিয়র যুগ্ম মহাসচিব। আজ দীর্ঘ সময় পরে তিনি ফিরছেন দলের কাণ্ডারি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে। আগামী মঙ্গলবার উত্তরবঙ্গের এ জনপদে পা রাখতে চলেছেন তারেক রহমান। আর তাকে ঘিরে ঠাকুরগাঁওয়ের আকাশ-বাতাসে এখন সাজ সাজ রব।

স্মৃতি বড় মধুর, আবার কখনো তা আবেগের চোরাবালিতে ফেলে দেয়। তারেক রহমানের এ সফরকে কেন্দ্র করে হঠাৎই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ২০০৩ সালের একটি পুরোনো ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে এক যুবক তারেককে। ঠাকুরগাঁওয়ের অলিগলি, চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক মহলে এখন সেই ছবিই কথা বলছে। স্বয়ং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ফেসবুক পেজে সেই স্মারকটি ভাগ করে নিয়েছেন অনুগামীদের সঙ্গে। ২৩ বছর আগে মির্জা ফখরুল ছিলেন কৃষি প্রতিমন্ত্রী, আজ তিনি দলের মহাসচিবের দায়িত্ব সামলে নিজের এলাকায় প্রিয় নেতাকে স্বাগত জানাতে প্রস্তুত।

স্মৃতির কোলাজ ও আগামীর স্বপ্ন

পুরোনো কর্মীদের চোখে ভাসছে সেই দিনটির কথা, যখন অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছিলেন তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা তোজাম্মেল হোসেন তাজু খানের গলায় আজ বিষণ্ণতার সুর। তিনি বলেন- সবই তো ইতিহাস। জিয়াউর রহমান নেই, ম্যাডাম (খালেদা জিয়া) নেই। আমরাও চলে যাব। নতুনের হাতেই আগামীর বাংলাদেশ। তার ভিজে আসা চোখ আর বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলের কণ্ঠে ঐক্যের ডাক— সব মিলিয়ে তারেকের সফর ঘিরে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।

সফর সূচি: শ্রদ্ধা ও দোয়ার আয়োজন

জেলা বিএনপি সূত্রের খবর, আগামী সোমবার (১২ জানুয়ারি) রাতেই সড়কপথে ঠাকুরগাঁওয়ে পৌঁছবেন তারেক রহমান। রাত্রিবাস করবেন শহরের একটি গেস্ট হাউসে। তার এ সফরের নেপথ্যে যেমন রয়েছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, তেমনই রয়েছে প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত  কামনায় দোয়া মাহফিল।

১৩ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত আল মামুনের কবর জিয়ারত। বেলা ১১টায় ঠাকুরগাঁও বড় মাঠে বেগম জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। বিকালে কর্মসূচি শেষে রওনা দেবেন পাশের জেলা পঞ্চগড়ের উদ্দেশে।

নিরাপত্তার চাদরে ঠাকুরগাঁও

নির্বাচনি বিধিনিষেধের কারণে বড় জনসভা না হলেও দোয়া মাহফিলকে কেন্দ্র করেই লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে জানান ঠাকুরগাঁও পৌর কমিটির শরিফুল ইসলাম। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, তারা সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন। লন্ডন থেকে এতকাল ভার্চুয়ালি যোগ দিলেও প্রিয় নেতাকে সশরীরে সামনে দেখতে পাওয়ার উদ্দীপনা এখন তুঙ্গে।

পুলিশ সুপার বেলাল হোসেন জানান, তারেক রহমানের সফর ঘিরে জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। তেইশ বছর আগে যে চারাগাছটি রোপণ করতে এসেছিলেন তারেক রহমান, তেইশ বছর পর সেই মহীরুহ হয়ে ওঠা দলের রাশ হাতে তিনি যখন এই জনপদে ফিরছেন, তখন ঠাকুরগাঁওয়ের প্রতিটি ইটের পাঁজরে যেন নতুন প্রাণের স্পন্দন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম