সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে: আমান উল্লাহ
Advertisement
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও এমপি আমান উল্লাহ আমান বলেছেন, দেশটা সবার। তাই দেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, জনগণকেও সরাসরি সম্পৃক্ত হতে হবে। পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কেরানীগঞ্জ উপজেলা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জে তিন মাসব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আমান উল্লাহ আমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, ড্রেন, ছাদ ও আশপাশের জলাধার পরিষ্কার রাখতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রতিদিন অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে রাষ্ট্র ও দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে যেতে হবে। ‘করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ আহ্বানকে সামনে রেখে মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত।
কেরানীগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ভূমিদস্যুতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িত থাকলে সে বিএনপির কর্মী হলেও তাকে আইনের হাতে তুলে দিতে হবে। নেতাকর্মীদের শাসক না হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আফরোজা পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুল সাত্তার বেগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদ খান, কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরে আলম, মডেল উপজেলা বিএনপির সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ওয়ালী উল্লাহ সেলিমসহ স্থানীয় নেতারা।
আলোচনা সভা শেষে উপজেলা প্রাঙ্গণে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটিয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়।

