নিউইয়র্কে জহির উদ্দিন স্বপন
দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ বাংলাকে দেশের উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, ভোলার গ্যাসসম্পদ, কুয়াকাটার সমুদ্রসৈকত এবং পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। বর্তমান সরকার এসব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায়।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্টের পার্টি হলে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর বরিশালবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, দক্ষিণাঞ্চলের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এ অঞ্চলকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। ভোলার গ্যাস, কুয়াকাটার পর্যটন সম্ভাবনা এবং পায়রা বন্দরের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে এসব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।
দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনায় প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, বৃহত্তর বরিশালসহ দক্ষিণাঞ্চলের যেসব প্রবাসী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা করতে আগ্রহী, সরকার তাদের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাবে। দেশের উন্নয়নে প্রবাসীদের অভিজ্ঞতা, দক্ষতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডা. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন নিউইয়র্ক স্টেট যুবদলের সাবেক দপ্তর সম্পাদক অহিদুজ্জামান নিলু।
সভায় আরও বক্তব্য দেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী গোলাম ফারুক সাহিন, রুহুল আমিন নাসির, ফিরোজ মিয়াসহ স্থানীয় ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর বরিশাল অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
