পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে মাঠে নামছে এনসিপি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাঁচ দফা দাবি আদায়ে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে এসব কর্মসূচি পালন করবে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের (পিসি) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন।
আখতার হোসেন বলেন, এসব দাবিতে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবে একটি সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন। এনসিপিও সংসদ ও রাজপথে দলটির বিচার দাবি করে আসছে। কিন্তু দেখা যাচ্ছে, কতিপয় ব্যক্তির বিচার হচ্ছে এবং সেই বিচারপ্রক্রিয়া ধীরগতিতে চলছে।
ঐক্যের বিষয়ে আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন। তবে সেই ঐক্য কীসের ভিত্তিতে হবে, তা পরিষ্কার করা প্রয়োজন। আওয়ামী সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দেশের যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা প্ল্যাটফর্মের সঙ্গে এনসিপি ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করে।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য ড. আতিক মুজাহিদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত ও আকরাম হোসাইন সিএফ।
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে সভায় যুক্ত হন। দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপিও সভায় উপস্থিত ছিলেন।
