আওয়ামী লীগ রাজনীতিতে আবর্জনাতুল্য: দুদু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে আবর্জনাতুল্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, সন্ত্রাস, আগুন ও হত্যা—এগুলোই আওয়ামী লীগের কাজ। এই আওয়ামী লীগের সঙ্গে এবং গোপালগঞ্জের ঘটনার সঙ্গে জড়িতদের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই; দেশের মানুষ তাদের কোনো অন্যায় মেনে নেবে না।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আওয়ামী লীগ, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল লেবার পার্টি।
ভারতের প্রতি ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু বলেন, তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব চান, কিন্তু এমন একজনকে যদি কাছে রাখা হয়, তবে বন্ধুত্ব কীভাবে হবে? যতদিন তাকে আশ্রয় বা কাছে রাখা হবে, ততদিন শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে সমালোচনার মুখে পড়তে হবে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়ে বিএনপির এই নেতা বলেন, গত ৫০-৫৫ বছরে এমন শাসক দেখা যায়নি। গায়ের জোরে তিন মেয়াদে ক্ষমতায় থেকে আজীবন থাকার স্বপ্ন দেখলেও নির্বাচনের মাধ্যমে নয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। তার মতে, পালিয়ে যাওয়া ব্যক্তি ফিরে আসতে চাইলেও তা আর সম্ভব নয়।
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই; ঐক্যবদ্ধ থাকলে কোনো সন্ত্রাসী বা পরজীবীর ভবিষ্যৎ থাকবে না।
ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান এবং ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে সাংবিধানিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। সেক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনারা দেখেছেন সীমান্তের ওইপারে কী চক্রান্ত ষড়যন্ত্র। দেখেন নাই যে সীমান্তের কাছাকাছি এসে অপতৎপরতা, জ্বালাও-পোড়াও— তারা যে অত্যাচার শুরু করেছে, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগ যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, সেক্ষেত্রে এখন নতুনভাবে আলোচনায় এসেছে— শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধ করার মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না। প্রয়োজনে সংবিধান সংশোধন করে এই আওয়ামী লীগকে চিরতরে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় আমরা চেয়েছিলাম যে নিষিদ্ধ করা হোক, দল হিসেবে আওয়ামী লীগের বিচার। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ২০২৪ সালের ৫ আগস্ট জনতার আদালতে আওয়ামী লীগের বিচার হয়ে গেছে। জনগণ রায় দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ এই বাংলার মাটিতে আর কোনো রাজনীতি করার অধিকার রাখে না। গোপালগঞ্জে যে তাণ্ডব, হাসপাতালে ভাঙচুর, সারাদেশে বিভিন্ন জায়গায় আগুন, অনিসের গাড়িতে আগুন যে সহিংসতা শুরু হয়েছে, আপনারা খেয়াল করবেন যে নিউইয়র্ক টাইমস তারা একটি সংবাদ করেছে— বিএনপি সরকারকে অস্থিতিশীল করার জন্য, ব্যর্থ করার জন্য আওয়ামী লীগ তারা এই জ্বালাও-পোড়াও শুরু করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে আজকে আওয়ামী লীগের এই সন্ত্রাসী কার্যক্রম সেটি উঠে এসেছে।
মো. মাইনুল ইসলাম বলেন, আওয়ামী লীগকে নতুন করে নিষিদ্ধ করার প্রয়োজন নেই, দেশের জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে। তার মতে, দলটি নিজেরাই নিজেদের কবর রচনা করেছে।
সভাপতির বক্তব্যে লায়ন মো. ফারুক রহমান বলেন, গত ১৭ বছরের আন্দোলনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে থেকেও দিকনির্দেশনা দিয়ে আন্দোলন সচল রেখেছিলেন; অথচ আজ আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতাকর্মীরাও সরে গেছেন।


