জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সমাপনী অধিবেশন সম্পন্ন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার দিনব্যাপী অধিবেশন সন্ধ্যায় শেষ হয়।
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা গোটা বাংলাদেশের সংগঠনের প্রতিনিধিত্ব করে। বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশ ও জাতির স্বার্থে কাজ করে , যেখানে জনগণের প্রত্যাশা পূরণ করা আরও বেশি কঠিন। তারপরও সংগঠন চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, এজন্য দায়িত্বশীল ও জনশক্তির জ্ঞান চর্চার মাধ্যমে জ্ঞানের গভীরতা বাড়াতে হবে। কারণ ইলমের বিষয়টি সর্বপ্রথম আল্লাহ তায়ালা তার প্রিয় হাবিব রাসূল (সা.)-এর কাছে পৌঁছে দিয়েছেন। এটি মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার দিনব্যাপী অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। মজলিশে শূরার অধিবেশন সকাল ৯টায় শুরু হয়ে সন্ধ্যা সাতটায় শেষ হয়।
সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারে সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য (পুরুষ ও মহিলা) এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যরা।
ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল ও জনশক্তিকে আল্লাহ ও রাসূলের পরিপূর্ণ আনুগত্য করতে হবে। আমাদের সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কিছুর জন্য নয়। এজন্য রিয়া কিংবা প্রদর্শনেচ্ছা থেকে সংগঠন ও দায়িত্বশীলদের মুক্ত রাখতে হবে, কারণ এটি খুবই বিপজ্জনক।
তিনি বলেন, বর্তমান সমাজ অশিক্ষা, কুশিক্ষা ও মাদকে সয়লাব হয়ে গেছে। নিজেদের সন্তান ও আওলাদদের এর ভয়ানক থাবা থেকে বাঁচাতে তাদের প্রতি যত্নশীল হতে হবে। আল্লাহর সাহায্য ও রহমত কামনা করতে হবে। তাদের হক আদায় করতে হবে।
তিনি আরও বলেন, দেশের সামগ্রিক অবস্থা কঠিন হয়ে পড়েছে। তবে আমরা ভীত নই। আমরা কোনো হঠকারী কাজ করবো না, তবে অন্যায়কেও প্রশ্রয় দেবো না। কারো উপর জুলুম করবো না, কেউ জুলুম করলে উপযুক্ত জবাব দেব। আমরা সব সময় মধ্যমপন্থা অবলম্বন করব। উগ্র কিংবা অধমপন্থার দিকে যাবো না। আমাদের দুর্ভাগ্য হলো বর্তমান সরকারে থাকা ব্যক্তিরা জাতিকে আস্থায় আনতে পারছে না, জনগণ তাদের উপর আস্থা রাখছে না।
আমিরে জামায়াত বলেন, জাতীয় ঐক্যের প্রশ্ন দেখা দিলে আমরা নীতিগতভাবে জাতীয় ঐক্যের পক্ষে। তবে তা হবে জাতির স্বার্থে। জামায়াত দলীয় অবস্থান থেকে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সর্বোচ্চটা করবে, ইনশাআল্লাহ।
ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল হিসেবে প্রত্যেককেই বিনয়ী হতে হবে এবং সকল ক্ষেত্রে ঔদ্ধত্যপূর্ণ আচরণ পরিহার করতে হবে। মানুষের সাথে উত্তম ব্যবহার করতে হবে- এমনকি শত্রু হলেও। লেনদেনের বিষয়ে সংগঠনের সকল পর্যায়ের জনশক্তিকে সতর্ক থাকতে হবে। কারণ, লেনদেন মানুষের চরিত্রের অর্ধেক। এজন্য এটিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই।
তিনি বলেন, দেশকে নিয়ে বিশেষ করে আমাদের আদর্শ ও ঈমান নিয়ে অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র চলছে। সে বিষয়ে আমাদের দায়িত্বশীলদের সতর্ক দৃষ্টি এবং ভূমিকা রাখতে হবে। জনগণ আমাদের ভালোবাসে আমাদের আদর্শ ও কর্মের কারণে- এটি খেয়াল রাখতে হবে।
আমিরে জামায়াত বলেন, জামায়াত দলীয় সামর্থ্যের আলোকে এবং নিজস্ব অবস্থান থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে চব্বিশের জুলাই আন্দোলনে অবদান রাখা ব্যক্তি ও ব্যবসায়ীসহ সকল স্তরের মানুষের সাথে দায়িত্বশীলদের যোগাযোগ বৃদ্ধি করতে হবে। সমাজের অতি সাধারণ মানুষ জামায়াতের আহ্বানে সাড়া দিয়েছে, বিগত নির্বাচনে ভোট দিয়েছে। এজন্য আমাদের চ্যালেঞ্জ বাড়লেও মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী অঙ্গীকারাবদ্ধ। দেশ ও জাতিকে বঞ্চিত করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে সকলকে প্রস্তুত থাকতে হবে।


