ছড়াকবিতা
হেমন্ত
Advertisement
খালেদ হোসাইন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হেমন্ত-
অপূর্ব তার রূপ-মহিমা
রাঙিয়ে তোলে এ মন তো!
কোথাও নেই এমন তো!
দিগন্তে হয় কুয়াশা-মেঘ
হালকা শিশির ঘাসে
কেমন একটা হিমেল আমেজ
আকাশে বাতাসে
প্রকৃতির এ লীলা কার্তিক-
অগ্রহায়ণ মাসে।
ফসল কাটা শেষ হয়ে যায়
আঙিনাতে মাড়াই
সিদ্ধ ধানের ধোঁয়ার মায়ায়
আমরা গিয়ে দাঁড়াই।
শীতকালে যে পিঠার মেলা
হেমন্তে তার শুরু
দুধের ওপর তখন জমে
সর কী দারুণ পুরু।
মেঘের নিচে নানান পাখি
আনন্দে সব ওড়ে
হেমন্তে হয় রূপ-রূপান্তর
দুপুর-সন্ধ্যা ভোরে।
