Logo
Logo
×

Advertisement

স্মরণীয়-বরণীয়

গোলাম মাওলা

Advertisement

Icon

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভাষাসংগ্রামী ডা. গোলাম মাওলার জন্মবার্ষিকী আজ। তার জন্ম ১৯২০ সালের ২০ অক্টোবর শরীয়তপুর জেলার নড়িয়া থানার পোড়াগাছা গ্রামে। তার পিতার নাম আবদুল গফুর ঢালী এবং মাতা ছুটু বিবি। গোলাম মাওলার শিক্ষাজীবন শুরু হয় জাজিরা উপজেলার পাচুখার কান্দি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি নড়িয়া বিহারীলাল উচ্চবিদ্যালয় থেকে ১৯৩৯ সালে ম্যাট্রিক, ১৯৪১ সালে ঢাকার জগন্নাথ কলেজ থেকে আইএসসি এবং ১৯৪৩ সালে বিএসসি পাশ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্বে এমএসসি প্রথম পর্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করেন। তিনি ১৯৪৬ সালে কলকাতা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন। দেশবিভাগের পর তিনি ঢাকা মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি হন এবং ১৯৫৪ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।

গোলাম মাওলা ১৯৫২ সালে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সহসভাপতি ছিলেন। তিনি ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখেন। ঢাকা বার লাইব্রেরিতে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য ছিলেন তিনি। এ সময় তিনি ঢাকা মেডিকেল কলেজের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি ১৫০ নম্বর মুগলটুলিস্থ পূর্ববঙ্গ কর্মশিবির অফিসে অনুষ্ঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভায় ২১ ফেব্রুয়ারি হরতালের মাধ্যমে রাষ্ট্রভাষা দিবস পালন এবং ২১ ও ২৩ ফেব্রুয়ারি পতাকা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণে গোলাম মাওলা বিশেষ ভূমিকা রাখেন। ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি থেকে সরকার এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করে এবং সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে। এ ঘোষণার পরপরই গোলাম মাওলার নেতৃত্বে মেডিকেলের ছাত্ররা একত্র হয়ে তাৎক্ষণিকভাবে ১৪৪ ধারা ভঙ্গ করার এবং আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণের যে জায়গায় প্রথম গুলি হয়েছিল, ঠিক সে স্থানেই ২৩ ফেব্রুয়ারি রাতে গোলাম মাওলার সার্বিক তত্ত্বাবধানে প্রথম শহীদ মিনার নির্মিত হয়।

ছাত্রজীবন শেষে গোলাম মাওলা মাদারীপুরে চিকিৎসা পেশায় নিয়োজিত হন। তিনি ১৯৫৬ সালের উপনির্বাচনে পূর্ব পাকিস্তান আইন পরিষদের সদস্য এবং ১৯৬২ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি পাকিস্তান জাতীয় পরিষদে বিরোধী দলের হুইপ ছিলেন। তিনি ১৯৬৭ সালের ২৯ মে মৃত্যুবরণ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বেগম ফজিলাতুন্নেসা জোহা

বেগম ফজিলাতুন্নেসা জোহা

গোলাম মাওলা

গোলাম মাওলা

ফররুখ আহমদ

ফররুখ আহমদ

নজিবর রহমান সাহিত্যরত্ন

নজিবর রহমান সাহিত্যরত্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম