বেগম ফজিলাতুন্নেসা জোহা
Advertisement
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষাবিদ ও লেখিকা বেগম ফজিলাতুন্নেসা জোহার মৃত্যুবার্ষিকী আজ। তার জন্ম ১৮৯৯ সালে টাঙ্গাইল সদর থানার নামদার কুমুল্লী গ্রামে। তার পিতার নাম ওয়াজেদ আলী খাঁ ও মাতা হালিমা খাতুন। ওয়াজেদ আলী খাঁ মাইনর স্কুলের শিক্ষক ছিলেন। স্কুলে বার্ষিক পরীক্ষায় মেয়ের ভালো ফল দেখে পারিবারিক অসচ্ছলতা এবং সামাজিক নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ফজিলাতুন্নেসাকে শিক্ষার পথে এগিয়ে দেন তার বাবা-মা।
ফজিলাতুন্নেসা ১৯২১ সালে ম্যাট্রিকুলেশন, ১৯২৩ সালে ইডেন কলেজ থেকে আইএ এবং ১৯২৫ সালে কলকাতার বেথুন কলেজ থেকে বিএ পাশ করেন। তিনি ১৯২৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন এবং স্বর্ণপদক লাভ করেন। ১৯২৮ সালে তিনি গণিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য লন্ডনে যান। নিখিল বঙ্গে তিনিই প্রথম মুসলিম মহিলা গ্র্যাজুয়েট।
উপমহাদেশে মুসলিম মহিলাদের মধ্যে তিনিই প্রথম বিলেত থেকে ডিগ্রি লাভ করেন। তার পড়াশোনার ব্যাপারে করটিয়ার জমিদার মরহুম ওয়াজেদ আলী খান পন্নী (চাঁদ মিয়া) বিশেষ উৎসাহ ও অর্থ সাহায্য করেন। ১৯৩০ সালে তিনি কলকাতায় স্কুল ইনস্পেকটরের চাকরি গ্রহণ করেন। ১৯৩০ সালের আগস্টে কলকাতার অ্যালবার্ট হলে অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সমাজসেবক সংঘের বার্ষিক অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন।
ফজিলাতুন্নেসা ১৯৩৫ সালে কলকাতার বেথুন কলেজে গণিতের অধ্যাপক পদে যোগদান করেন। দেশবিভাগের পর তিনি ঢাকায় এসে ইডেন কলেজে অধ্যক্ষের দায়িত্ব (১৯৪৮) গ্রহণ করেন। এ পদে তিনি ১৯৫৭ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। তার প্রচেষ্টায় ইডেন কলেজ বিজ্ঞান ও বাণিজ্য বিভাগসহ ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়। নারী শিক্ষা ও নারী সমাজের অগ্রগতি বিষয়ে শিখা ও সওগাত পত্রিকায় তার প্রবন্ধ ও গল্প প্রকাশিত হয়েছে।
১৯২৮ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামে সঙ্গে ফজিলাতুন্নেসার পরিচয় ঘটে। নজরুল ফজিলাতুন্নেসার বিলেত গমন উপলক্ষ্যে ‘বর্ষা-বিদায়’ নামক একটি কবিতা লিখেছিলেন। বেগম ফজিলাতুন্নেসা জোহা ১৯৭৭ সালের ২১ অক্টোবর মৃত্যুবরণ করেন।
