Logo
Logo
×
   

Advertisement

খেলা

ক্রিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন, অক্টোবরে হতে পারে কার্যকর

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম

ক্রিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন, অক্টোবরে হতে পারে কার্যকর

ফাইল ছবি

Advertisement

বহুদিনের প্রচলিত নিয়মে বড় পরিবর্তন এনে ক্রিকেটের নতুন আইন প্রকাশ করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। নতুন আইনে বলা হয়েছে, একাধিক দিনের ক্রিকেটে (টেস্টসহ) দিনের শেষ ওভারে যদি উইকেট পড়ে, তবুও ওভার শেষ হবে না। পুরো ওভার সম্পন্ন করতে হবে এবং নতুন ব্যাটারকে মাঠে নেমে খেলা শুরু করতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এমসিসি আনুষ্ঠানিকভাবে নতুন সংস্করণের Laws of Cricket প্রকাশ করে। সংস্থাটি জানায়, মোট ৭৩টি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পাশাপাশি ভাষাগত কিছু সংশোধন আনা হয়েছে। ২০১৭ সালের কোড কার্যকর হওয়ার পর এটি এমসিসির তৃতীয় বড় সংশোধন। এর আগে ২০১৯ ও ২০২২ সালে আইন হালনাগাদ করা হয়েছিল।

সব ঠিক থাকলে নতুন সংশোধিত নিয়ম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে পারে। এমসিসি জানিয়েছে, এসব পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো ক্রিকেটের আইনগুলোকে বর্তমান সময়ের সঙ্গে প্রাসঙ্গিক করে তোলা, সর্বস্তরের ক্রিকেটারদের জন্য খেলাটিকে আরো সহজবোধ্য করা, খরচ কমিয়ে আনা এবং খেলাটিকে আরো অন্তর্ভুক্তিমূলক করে তোলা।

নতুন নিয়ম তৈরির কাজ করেছে এমসিসির আইনবিষয়ক উপ-কমিটি। পরে তা ক্রিকেট কমিটি ও মূল কমিটির অনুমোদন পেয়েছে।

সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর একটি হলো ওপেন-এজ (প্রাপ্ত বয়স্কদের) বিনোদনমূলক ক্রিকেটে লেমিনেটেড ব্যাট ব্যবহারের অনুমতি। আগে এই ধরনের ব্যাট শুধু জুনিয়র ক্রিকেটে ব্যবহার করা যেত। এ ছাড়া ব্যাটের মুখের পেছনে এখন উইলো ছাড়া অন্য উপাদান ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। তবে শীর্ষ পর্যায়ের ক্রিকেটে এখনো এক টুকরো উইলো ব্যাটই ব্যবহার হবে।


ওভারথ্রো ও খেলোয়াড়দের আচরণসংক্রান্ত নিয়ম


ওভারথ্রোসংক্রান্ত নিয়ম নতুন করে লেখা হয়েছে। বিভ্রান্তি দূর করতে ওভারথ্রো ও মিসফিল্ডের ব্যাখ্যা আরো পরিষ্কার করা হয়েছে।  খেলোয়াড়দের আচরণসংক্রান্ত নিয়মেও বড় পরিবর্তন এসেছে। নিয়ম কার্যকর হলে আম্পায়াররা ৫ রান পেনাল্টি দিতে পারবেন, খেলোয়াড়কে সাময়িকভাবে বা ম্যাচ চলার পুরোটা সময়ে মাঠের বাইরে পাঠাতে পারবেন। যদি অধিনায়ক শাস্তি কার্যকর করতে অস্বীকৃতি জানান, তাহলে প্রতিপক্ষের জয় বা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা পর্যন্ত করতে পারবেন।

আরো কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন

★ বদলি খেলোয়াড় উইকেটকিপিং করতে পারবেন।

★ চোট এড়াতে তারে বাঁধা বেইল ব্যবহারের অনুমতি।

★ জুনিয়র ও নারী ক্রিকেটে বলের আকার তিনটি নির্দিষ্ট শ্রেণিতে ভাগ করা হয়েছে।

★ শর্ট রান ও ডেড বল সংক্রান্ত নিয়ম আরও পরিষ্কার করা হয়েছে।

★ খেলার নিয়ম থেকে লিঙ্গভিত্তিক ভাষা বাদ দেওয়া হয়েছে যেন বিশ্বজুড়ে ক্রিকেট আরো অন্তর্ভুক্তিমূলক হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম