Logo
Logo
×
   

Advertisement

খেলা

১৯ মাস আগেই বিশ্বকাপ নিয়ে ভাবনা বাংলাদেশ কোচের

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১১:৫০ এএম

১৯ মাস আগেই বিশ্বকাপ নিয়ে ভাবনা বাংলাদেশ কোচের

ফাইল ছবি

Advertisement

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম করার কোনো কারণ দেখছেন না ফিল সিমন্স। বাংলাদেশ কোচ বরং ওডিআইতে নিজেদের খেলার মানোন্নয়নে মনোযোগী হতে চান। ১৯ মাস পর ২০২৭ সালের অক্টোবরে অনুষ্ঠেয় এই বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে চান।

পাকিস্তানের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি। চার মাস পর এই ফরম্যাটে ফিরছে বাংলাদেশ। তাদের মূল লক্ষ্য বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা। ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশকে শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে। বর্তমান ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে। তাদের উপরে ৭৭ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ।

পাকিস্তান সিরিজের প্রাক্কালে সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ফিল সিমন্স বলেন, ‘সরাসরি বিশ্বকাপে খেলার অঙ্কের মারপ্যাঁচ নিয়ে মাথা না ঘামিয়ে আমাদের বরং নিজেদের ওয়ানডে ক্রিকেটের মান বাড়ানোর দিকে মনোযোগী হওয়া উচিত। সেটাই আমাদের লক্ষ্য। আমরা এখন যেটি চাই, সেটি হলো র‌্যাংকিংয়ে উপরে ওঠার চেষ্টা করা। আমাদের লক্ষ্য শুধু শীর্ষ আটে জায়গা করে নিয়ে সরাসরি বিশ্বকাপে খেলাই নয়, সেই সঙ্গে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলে নিজেদের উন্নতিও নিশ্চিত করতে চাই আমরা।’

বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন পরিকল্পনা সম্পর্কে সিমন্স বলেন, ‘আমরা চেষ্টা করব অন্তত তিনজন ফাস্ট বোলার খেলানোর। বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে আমাদের পেসারদের ওপরই নির্ভর করতে হবে।’ তিনি যোগ করেন, ‘কিছু ক্ষেত্রে হয়তো আমাদের তিনজন স্পিনার খেলাতে হতে পারে; কিন্তু পরিস্থিতি এমন হবে না যে একজন স্পিনার মাত্র দুই ওভার বল করবে। আপনি যেখানে খেলতে যাচ্ছেন, সেখানকার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। তিনজন পেসার খেলানোই আমাদের মূল লক্ষ্য।’

সিমন্স আরও বলেন, ‘মাঝের ওভারে আমরা যতটা ভালো খেলতে চেয়েছিলাম, ততটা পরিনি। এই জায়গাটিতে আমরা অনেক বেশি জোর দিচ্ছি। ওই ওভারগুলোতে কত রান আসছে, কয়টি সিঙ্গেল বা কয়টি বাউন্ডারি আমরা পাচ্ছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। ৫০ ওভারের খেলার এটা একটা বিশাল অংশ।’ সিমন্স বলেন, ‘এবারের মিরপুরের উইকেট আগের সিরিজের তুলনায় ভালো মনে হচ্ছে। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা ভালোভাবে শেষ করেছিলাম। সেখান থেকে আর পিছিয়ে যেতে চাই না।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম