বাংলাদেশকে ১৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ দিল উইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের চতুর্থ ইনিংসে সফলভাবে রান তাড়া করার রেকর্ডটা ১৭ বছরের পুরোনো। সেটাও এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ম্যাচে গড়া সেই রেকর্ড ভেঙে দেওয়ার চ্যালেঞ্জ আজ পেলেন নাজমুল হোসেন শান্তরা।
সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। তাতে তাদের লিড গিয়ে দাঁড়িয়েছে ৩৬৮ রানে। আর বাংলাদেশের লক্ষ্য এখন ৩৬৯ রান।
তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ৩৮৬ রান তুলেছিল প্রথম ইনিংসে, লিড পেয়েছিল ৩০ রানের। জবাবে কাভেম হজের ১৪২, কেভিন উইকহ্যামের ৭৮ আর ব্রেন্ডন কিংয়ের ৬১ রানের ইনিংসে ভর করে ৩৯৮ রান তোলে উইন্ডিজ।
৩৬৯ রান তাড়া করার কাজটা কতটা কঠিন তা রেকর্ডের দিকে চোখ দিলেই পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডটা মোটে ২১৫ রানের।
২০০ রান তাড়া করে জেতার রেকর্ড ওই একটিই। ১০০’র বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছে আর ৪টি। আর সব মিলিয়ে চতুর্থ ইনিংসে রান তাড়া করে বাংলাদেশ জিতেছে মোটে ৮ বার, এর বিপরীতে হার আছে ৩১টি, বাকি ৫ ম্যাচ হয়েছে ড্র। এবার সিলেট টেস্ট কোন ক্যাটাগরিতে যাবে, সেটার জবাব মিলবে আজ বিকালে।
