৪ বছর পর টেস্ট দলে নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন রবিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন নাঈম শেখ। প্রায় ৪ বছর পর টেস্ট দলে জায়গা পেলেন তিনি। এদিকে মাহফিজুল ইসলাম রবিন প্রথমবারের মতো জায়গা পেয়েছেন এই দলে।
২০২২ সালের নিউজিল্যান্ড সফরে দলে ডাক পেয়েছিলেন নাঈম শেখ। সে সফরে অভিষেকের পর আর কখনো টেস্ট খেলা হয়নি তার।
সেই তিনি এবার ফিরলেন জাতীয় ক্রিকেট লিগে দারুণ ছন্দে থাকার ফলে। ৭ ইনিংসে ৩ সেঞ্চুরি আর ১ ফিফটি করেছেন, রান তুলেছেন ৬১২।
ওদিকে রবিনও রানের বন্যা বইয়ে দিচ্ছেন। ১০ ইনিংস খেলে করেছেন ৩ সেঞ্চুরি, রান করেছেন ৬৭২।
সাদমান ইসলামের বাদ পড়াটা নিশ্চিতই ছিল। আজ ঘোষণা এল আনুষ্ঠানিকভাবে। তার জায়গায় ঢুকেছেন নাঈম। ওদিকে অমিত হাসান বাদ পড়েছেন কোনো ম্যাচ খেলার আগেই।
এদিকে নাঈম হাসানও বাদ পড়েছেন সিলেট টেস্টে ভালো করতে না পারার ফলে। যদিও সবশেষ ৯ ইনিংসে ৭ উইকেট নেওয়া তাইজুল ঠিকই টিকে গেছেন দলে। নাঈম হাসানের জায়গায় দলে ঢুকেছেন সৈয়দ খালেদ আহমেদ।
দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আগামী রোববার জোহানেসবার্গে মুখোমুখি হবে দুই দল। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ২৩ নভেম্বর। এরপর সাদা বলের দুই সিরিজে দুই দল খেলবে তিনটি করে ম্যাচ।
বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।
