Logo
Logo
×
   

খেলা

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে অনুতাপে ভুগছে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ এএম

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে অনুতাপে ভুগছে ভারত

ফাইল ছবি

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান অরুণ ধুমাল। ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কেকেআর মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয়। ফলে এই মৌসুমে আইপিএলে খেলার সুযোগ হয়নি তার।

ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ধুমাল বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে রাজি হননি। তবে স্বীকার করেছেন যে পুরো ঘটনাটি দুঃখজনক। তিনি বলেন, ‘আমি শুধু বলব এটা দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার বিশেষ কিছু জানা নেই।’

মোস্তাফিজের বাদ পড়া এবং ২০০৯ সালের পর থেকে পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে না খেলতে পারার বিষয় তুলে ধরে যখন জিজ্ঞেস করা হয় যে ক্রিকেটে রাজনীতির প্রভাব কি চলতেই থাকবে — তখন ধুমাল বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক, এভাবে যখন ঘটনা ঘটে। প্রতিদিনের ক্রিকেট পরিচালনায় আমার মনে হয় না সরকারের কোনো আগ্রহ বা ভূমিকা আছে। সরকার সামগ্রিকভাবে ক্রিকেটের সমর্থক। কিন্তু হ্যাঁ, কখনো কখনো আমাদের চারপাশে ঘটনা ঘটে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত আসে। আমি নিশ্চিত সুবিবেচনা জয়ী হবে এবং সামনে এমনটা হবে না।’

ক্রিকেটে রাজনীতির প্রভাব নিয়ে তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে। কারণ রাজনীতি গতিশীল। এক সময়ে কিছু ঘটে, ছয় মাস পরে পুরো দুনিয়া বদলে যায়। নির্বাচন আছে, চাপ আছে, ঘটনা আছে। প্রশাসক হিসেবে আমাদের রাজনীতিতে না জড়িয়ে ক্রিকেটের বড় চিত্র ও স্বার্থকে সামনে রাখতে হবে। একই সময়ে আমরা বৃহত্তর কাঠামোর অংশ। সরকার কিছু সিদ্ধান্ত নিলে সেটাই চূড়ান্ত। তাদের দৃষ্টিভঙ্গি যেকোনো ক্রিকেট প্রশাসকের চেয়ে বড় ও সামগ্রিক। আমাদের মনোযোগ থাকতে হবে খেলার স্বার্থে।’

গত ডিসেম্বরে কেকেআর মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে কিনেছিল। আইপিএল ইতিহাসে এর চেয়ে বেশি দাম আর কোনো বাংলাদেশি ক্রিকেটারই পাননি। কিন্তু ডানপন্থি গোষ্ঠীগুলোর চাপের মুখে বিসিসিআই কেকেআরকে তাকে ছেড়ে দিতে বলে।

এ ঘটনা আরও বড় সমস্যায় রূপ নেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার কারণ দেখিয়ে ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি জানায়। আইসিসি সেই দাবি প্রত্যাখ্যান করে। পরে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে নেওয়া হয়।

এদিকে মোস্তাফিজ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যোগ দিয়েছেন। লাহোর কালান্দার্স তাকে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে কিনেছে। পিএসএল ২০২৬-এ এ পর্যন্ত দুই ম্যাচে দুটি উইকেট নিয়েছেন তিনি। তার ইকোনমি রেট মাত্র ৪.৮৭।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .