ক্লাশে লুটিয়ে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মর্মান্তিক ঘটনা ঘটল পূর্ব দিল্লির ময়ূর বিহার অঞ্চলের একটি স্কুলে। স্কুল চলাকালীন মৃত্যু হল এক ছাত্রীর। খেলার ক্লাস থেকে ফিরেই জ্ঞান হারায় সে। লুটিয়ে পড়ে মেঝেতে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ক্লাসরুমে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ল ৯ বছরের বালিকা। দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে তারা জানিয়েছেন, কার্ডিয়াক অ্য়ারেস্টে মৃত্যু হয়েছে বালিকার।
খেলার ক্লাস থেকে ফেরার পর ঘটনাটি ঘটে। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে স্কুলের ভূমিকা। কেন ওই বালিকাকে সঙ্গে সঙ্গে জরুরি প্রাথমিক চিকিৎসা ও সিপিআর দেওয়া হয়নি, সেই প্রশ্ন তুলেছে ছাত্রীর পরিবার।
যদিও স্কুলের দাবি, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই বালিকাকে প্রথমে একটি চেয়ারে বসানোর চেষ্টা করেছিলেন এক শিক্ষিকা। এরপর কালবিলম্ব না করে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। স্কুলে এক জন নার্স উপস্থিত ছিলেন বলেও দাবি তাদের।
বালিকার মরদেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ডাক্তারি পরীক্ষার মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা হবে।
একটি সিসিটিভি ফুটেজ থেকে এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিও ধরা পড়েছে ক্লাসরুমের ভিতরের দৃশ্য। ক্লাসে উপস্থিত রয়েছে বালক-বালিকারা। টেবিলে বসে রয়েছেন এক শিক্ষিকা। এক ছাত্রীকে হঠাৎ পড়ে যেতে দেখা যায়। তা দেখে ছুটে আসেন শিক্ষিকা। বালিকাকে তুলে বসানোর চেষ্টা করেন তিনি। কিন্তু, ওই ছাত্রীকে সম্পূর্ণ তখন অচেতন বলে মনে হচ্ছিল। পড়ে যাওয়ার কিছুক্ষণ আগে, সম্ভবত ক্লান্তির কারণেই তাকে কোমরে হাত রাখতেও দেখা যায়।
