Logo
Logo
×
   

খেলা

গ্রুপ এফ-এর চার দলের শেষ ম্যাচের পর সমীকরণ যেমন হতে পারে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:০৮ পিএম

গ্রুপ এফ-এর চার দলের শেষ ম্যাচের পর সমীকরণ যেমন হতে পারে

গ্রুপ পর্ব শেষ হওয়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে টুর্নামেন্ট। ইতোমধ্যেই কিছু দল নকআউট পর্ব নিশ্চিত করেছে, আবার কিছু দল শেষ ম্যাচের ফলের অপেক্ষায় আছে। গ্রুপ চ্যাম্পিয়ন, রানারআপ কিংবা সেরা তৃতীয় দল হিসেবে পরের ধাপে যাওয়ার হিসাব-নিকাশ এখন জমে উঠেছে।

আজ ‘এফ’ গ্রুপে একদিনেই বড় পরিবর্তন আসতে পারে পয়েন্ট টেবিলে। এই গ্রুপের চারটি দল দুটি ম্যাচে মাঠে নামবে—নেদারল্যান্ডস খেলবে তিউনিসিয়ার বিপক্ষে, আর জাপান মুখোমুখি হবে সুইডেনের।

বর্তমানে নেদারল্যান্ডস ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে। সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সুইডেন, যারা এখনো নকআউটের আশা ধরে রেখেছে। ইতোমধ্যেই দুই ম্যাচ হেরে কোনো পয়েন্ট না পাওয়ায় গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার।

সমীকরণ অনুযায়ী, নেদারল্যান্ডস আজ জিতলে বা ড্র করলেই সরাসরি নকআউট পর্বে যাবে। এমনকি হেরে গেলেও অন্য ম্যাচের ফল তাদের সহায় হতে পারে। তবে গ্রুপ সেরা হতে হলে জয়ের পাশাপাশি গোল ব্যবধানেও নজর রাখতে হবে।

জাপানের ক্ষেত্রেও একই হিসাব—জয় বা ড্র করলেই তারা পরের রাউন্ডে যাবে। সুইডেনকে হারাতে পারলে এবং নেদারল্যান্ডস পয়েন্ট হারালে তারা গ্রুপ চ্যাম্পিয়নও হতে পারে।

সুইডেনের জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই। জিতলে সরাসরি নকআউট, আর ড্র হলে তাকিয়ে থাকতে হবে অন্যান্য গ্রুপের সেরা তৃতীয় দলের ফলাফলের দিকে।

আর তিউনিসিয়ার জন্য আজকের ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার, কারণ তারা ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম