Logo
Logo
×
   

Advertisement

খেলা

বরখাস্ত হলেন সেনেগাল কোচ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম

বরখাস্ত হলেন সেনেগাল কোচ

সেনেগাল কোচ পাপে থিয়াও।

Advertisement

বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেওয়ার পর কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল। ২০২৪ সালের ডিসেম্বর থেকে ‘তেরাঙ্গা লায়ন’দের দায়িত্বে ছিলেন তিনি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল সেনেগাল। তবে শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নাটকীয়ভাবে নকআউট পর্বের টিকিট কাটে তারা। 

শেষ ৩২-এর লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে একপর্যায়ে ২-০ ব্যবধানে এগিয়েও ছিল সেনেগালিজরা। কিন্তু ম্যাচের শেষভাগে দুই গোল হজম করার পর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল খেয়ে ৩-২ ব্যবধানে স্তব্ধ হয়ে যায় তারা।

বিশ্বকাপ থেকে এমন নাটকীয় বিদায়ের পর বর্তমান ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ উগরে দেন দলের মিডফিল্ডার পাপে গেয়ে। বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকা পর্যন্ত জাতীয় দল থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণাও দেন তিনি।

অবশেষে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ) এক বিবৃতিতে জানায়, ‘জাতীয় দলের সাম্প্রতিক খেলার ফলাফল এবং ভবিষ্যতের কথা পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করে, সেনেগালিজ ফুটবলের বৃহত্তর স্বার্থে পাপে থিয়াওকে কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ 

অবশ্য এই বিশ্বকাপের শুরু থেকেই মাঠ ও মাঠের বাইরের নানা বিতর্কে জর্জরিত ছিল সেনেগাল। গত জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালে ঘটে যাওয়া এক তুলকালাম কাণ্ডের মূল হোতা ছিলেন এই বরখাস্ত হওয়া কোচ থিয়াও। সেই ঘটনার জেরে সেনেগালের আফকন শিরোপা কেড়ে নেয় আফ্রিকান ফুটবল কনফেডারেশন (ক্যাফ), যার বিরুদ্ধে আপিল করেই বিশ্বকাপে অংশ নিতে এসেছিল তারা।

ঠিক কী ঘটেছিল সেই আফকন ফাইনালে? মরক্কোর বিপক্ষে ফাইনালের যোগ করা সময়ে যখন মরক্কোকে পেনাল্টি দেওয়া হয়, তখন ক্ষোভে নিজের পুরো দলকে মাঠ থেকে বের করে নিয়ে যান থিয়াও। প্রায় ১৭ মিনিট ম্যাচ বন্ধ থাকার পর খেলোয়াড়রা আবার মাঠে ফেরেন। এরপর ব্রাহিম দিয়াজের নেওয়া সেই পেনাল্টি শটটি ঠেকিয়ে দেয় সেনেগাল এবং অতিরিক্ত সময়ে পাপে গেয়ের গোলে শিরোপাও জেতে তারা।

কিন্তু নাটকের শেষ সেখানেই হয়নি। গত মার্চে সেনেগালের ওই মাঠ বর্জন বা ‘ওয়াক-অফ’-এর শাস্তিস্বরূপ ফাইনালের ফলাফল বাতিল করে মরক্কোকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোষণা করে ক্যাফ। হাতছাড়া হওয়া সেই আফকন শিরোপা ফিরে পেতে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)-এ আপিল করেছে সেনেগাল।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম