সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বজয়ের বড় কুশীলব ছিলেন পাউলো দিবালা। সেই তিনি এবারের টুর্নামেন্টে খেলছেন না। তবে ২০২৬ বিশ্বকাপ চলাকালে তিনি এবার বড় সুখবরই পেলেন।
ইউরোপীয় ফুটবলে আরও এক মৌসুম নিশ্চিত হয়ে গেছে তার। অন্তত এক বছর রোমাতেই থাকছেন পাওলো দিবালা। বত্রিশ বছর বয়সী এই ফুটবলার ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত নতুন চুক্তিতে সই করেছেন। চাইলে এই চুক্তি ২০২৮ সাল পর্যন্তও বাড়ানো যাবে।
আসলে ইতালিয়ান ক্লাব আর ফুটবলারের মধ্যে কয়েক সপ্তাহ আগেই সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। তবে ক্লাবের আর্থিক হিসাব-নিকাশ শেষ হওয়ার অপেক্ষায় ছিল দুপক্ষ।
সোমবার আনুষ্ঠানিকভাবে দিবালার থেকে যাওয়ার খবর জানানোর কথা রয়েছে রোমার। নতুন চুক্তিতে বেতন উল্লেখযোগ্য হারে কমছে দিবালার। সঙ্গে থাকছে আরও এক বছর স্বয়ংক্রিয়ভাবে চুক্তি বাড়ানোর সুযোগও। অর্থাৎ নতুন এই চুক্তি চলবে ২০২৭ সালের জুন পর্যন্ত, চাইলে যা বাড়ানো যাবে ২০২৮ সালের জুন পর্যন্ত।
রোমায় চার মৌসুম কাটিয়েছেন দিবালা। এর মধ্যেই সমর্থকদের প্রিয় খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন তিনি। এই নবায়ন করা চুক্তির ফলে এই জার্সি গায়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ পাবেন তিনি। এর আগে টানা সাত মৌসুম খেলেছেন জুভেন্টাসে। এই ক্লাবের হয়েই ২০১৬-১৭ মৌসুমে ফাইনালে উঠেছিলেন দিবালা। ওয়েলসের কার্ডিফে সেই ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরেছিল তার দল।
