আর্জেন্টিনার কোচ স্কালোনির মা আর নেই
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। মঙ্গলবার রাতে আর্জেন্টিনার পুজাতো শহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ইউলালিয়া। এ তথ্য জানিয়েছে আর্জেন্টিনার ক্রীড়ামাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
রোজারিওর রেডিও টু পরিবারের সূত্রের বরাত দিয়ে ইউলালিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। স্বামী অ্যাঙ্গেলের সঙ্গে পুজাতোতেই বসবাস করতেন তিনি। স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইউলালিয়া ছিলেন তিন সন্তানের মা। তার সন্তানদের মধ্যে লিওনেল স্কালোনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ হিসেবে পরিচিত। অন্য দুই সন্তান হলেন মাউরো ও কোরিনা। কোরিনা রোজারিওর কাছে ফুনেস এলাকায় স্কালা বেকারি নামে একটি ব্যবসা পরিচালনা করেন। ইউলালিয়া স্থানীয় পৌরসভায় বিচারকের দায়িত্বও পালন করেছেন।
মায়ের সঙ্গে স্কালোনির সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। জাতীয় দলের দায়িত্ব থেকে সময় পেলেই মাকে দেখতে পুজাতোতে ছুটে যেতেন তিনি। ২০২১ সালে মায়ের অসুস্থতার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন আর্জেন্টাইন কোচ। ওই বছরের ১৫ অক্টোবর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ১-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিগত কঠিন সময়ের কথা তুলে ধরে তিনি বলেছিলেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে ভাবার মতো অবস্থায় নেই।’
তবু দায়িত্ব থেকে সরে দাঁড়াননি স্কালোনি। পরের বছর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতান তিনি। এর আগে ২০২১ সালে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকা জয়ের সাফল্যও মাকে উৎসর্গ করেছিলেন এই কোচ। আবেগঘন কণ্ঠে তখন তিনি বলেছিলেন, ‘আমি এই জয় মাকে উৎসর্গ করতে চাই। কয়েক দিন আগে তার বেশ গুরুতর একটি সমস্যা হয়েছিল। তিনি লড়াই করছেন।’
বিভিন্ন সংবাদ সম্মেলন ও সাক্ষাৎকারে মায়ের প্রতি ভালোবাসার কথা একাধিকবার জানিয়েছেন স্কালোনি। তার মায়ের মৃত্যুতে পরিবার ও পুজাতো শহরজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।

